শহীদ পরিবারে খুলনা জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার ফ্যাসিস্ট সরকারের আমলে খুন, গুম ও অমানুষিক নির্যাতনের শিকার অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি খুলনা মহানগর ও জেলার ৭৩টি পরিবারের সদস্যদের হাতে সহায়তার মোট সাত লাখ ৩৬ হাজার টাকা চেক তুলে দেন, যার মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং নির্যাতনে আহত ও অসুস্থ ৫০টি পরিবার রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও ড্যাব জেলা সভাপতি ডা: রফিকুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, গত ১৭ বছর ধরে দেশে যে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ যে মুক্তির নিঃশ্বাস মানুষ নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাইবোনের রক্ত আর স্বজনদের চোখের পানির বিনিময়ে।

তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, বরং এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। তিনি ঘোষণা করেন যে, যারা সন্তানদের গুম করেছে এবং মায়ের কোল খালি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং বাংলার মাটিতেই প্রতিটি খুনের বিচার নিশ্চিত করা হবে।