নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট ঝু জিয়াই। গতকাল শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
ঝু জিয়াই তিন সদস্যের প্রতিনিধি নেতৃত্ব দেন। গত ১৬ জানুয়ারি ঝু জিয়াই এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
সাক্ষাৎ শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে কিভাবে কাজ করবে সরকার, সেই বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সঙ্কটের সমাধান, উন্নয়ন ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে কাজ করবে, এসব নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, আগামীর উন্নয়ন ও জ্বালানি সঙ্কটসহ যেসব বিষয় নিয়ে চাপ সৃষ্টি হয়েছে, সেটি থেকে বের হতে বাজেট সহায়তায় সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কিভাবে সহযোগিতা করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগবান্ধব হওয়ার যে প্রক্রিয়া সেই বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। সমস্যা হিহ্নিত করে সমাধান করার বিষয়ে আলোচনা হয়েছে। নতুন প্রজেক্টের বাইরে সরকারি যেসব প্রজেক্ট বন্ধ হয়েছে সেগুলো চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে এম এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক ডিবিএল গ্রুপ, সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক প্যাসিফিক জিন্স গ্রুপ, সৈয়দ নাসিম মনজুর, ব্যবস্থাপনা পরিচালক এপেক্স গ্রুপ, জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক বে গ্রুপ, আহসান খান চৌধুরী, সিইও প্রাণ আর এফ এল গ্রুপ, আব্দুল মোক্তাদির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইনসেস্টা গ্রুপ, হাফিজুর রহমান, চেয়ারম্যান রানার গ্রুপ, সোহানা রউফ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক, র্যাংস গ্রুপ, ডক্টর আরিফ দৌলা ব্যবস্থাপনা পরিচালক এসিআই প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



