দেশের সামাজিক সমস্যা সমাধানে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক প্রেক্ষাপটকে গভীরভাবে অনুধাবন করতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়; এটি স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে জেনারেটিভ এআইর দ্রুত বিকাশ যেমন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে, তেমনি কর্মসংস্থান, নৈতিকতা ও ডেটা নিরাপত্তা সম্পর্কিত নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। তরুণ বিজ্ঞানীরা দেশের ভবিষ্যৎ নির্মাতা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিশাল জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারা দেশের উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড.
জিনাতুন নেসা তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, একাডেমীর সচিব প্রফেসর ড. ইয়ারুল কবির, সম্মেলন আয়োজক কমিটির চেয়ারপারসন ও সচিব মেজর জেনারেল (অব:) প্রফেসর ড. এএসএম মতিউর রহমান এবং প্রফেসর ড. লিয়াকত আলী। বিজ্ঞপ্তি।



