ডেমরায় হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Printed Edition

ডেমরা (ঢাকা) সংবাদদাতা

রাজধানী ডেমরায় চিকিৎসকের গাফিলতি ও অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে মো: রাকিবুল হাছান থানায় একটি মামলা করেছেন। এতে ডা: মাহমুদুল হাসান (৩৫), হাসপাতালের স্টাফ আনোয়ার (৪৫) ও অজ্ঞাতনামা দু’জনকে আসামি করা হয়। গত ২৯ মার্চ ফার্মের মোড়ে অবস্থিত ইসলামিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইমানা ইসলাম (১৯) ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২৯ মার্চ রাত ১টার দিকে হঠাৎ পেটে ব্যথা শুরু হলে তাকে ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাত ৪টায় রোগীকে ভর্তি করার পরামর্শ দেন। রোগী ভর্তির পরও ব্যথা বাড়তে থাকলে চিকিৎসককে জানানো হয়। তিনি শুধু দু’জন নার্স পাঠিয়ে দায় সারেন। সকাল ৭টায় অবস্থার অবনতি হলে চিকিৎসক রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাকিবুল হাছান অভিযোগ করেন, তার স্ত্রীর নিয়মিত গাইনি চিকিৎসক ডা: কামরুন সাত্তার ডালিয়াকে বিষয়টি জানাতে বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। পরে সকাল ৮টায় রোগীকে মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে একটি মৃত কন্যাশিশুর জন্ম হয়। শিশুটিকে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মুরাদ হোসেন জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।