ভ্যাট অডিটে ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন এনবিআরের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ভ্যাট অডিট প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রাথমিকভাবে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে সংস্থাটি।

গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা এরই মধ্যে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, নির্বাচিত এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জাননো হয়েছে, ভ্যাট অডিট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমে অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল সংযোজন করা হয়েছে। এই মডিউলের মাধ্যমে ২০টি নির্ধারিত ঝুঁকি সূচকের (রিস্ক ক্রাইটেরিয়া) ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে। প্রতিটি রিস্ক ক্রাইটেরিয়ার জন্য নির্দিষ্ট ওয়েটেজ নির্ধারণ করা হয়েছে এবং ঝুঁকির মাত্রা বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই, ফলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে।

নতুন এই পদ্ধতি চালুর ফলে একদিকে যেমন রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হবে, অন্যদিকে করদাতাবান্ধব পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিন ধরে অডিট নির্বাচনে স্বচ্ছতা নিয়ে যে অভিযোগ ছিল, তা দূর হবে বলেও আশা করছে সংস্থাটি। এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর যদি প্রত্যাশিত ফলাফল না পাওয়া যায়, তাহলে রিস্ক ক্রাইটেরিয়া ও ওয়েটেজ পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে।