সংসদ প্রতিবেদক
করোনা মহামারীতে দেশের জনগণকে সুরক্ষা দিতে ভ্যাকসিন কেনায় সরকারের চার হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল। একই অধিবেশনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মন্ত্রীরা এসব তথ্য তুলে ধরেন।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবেলায় সরঞ্জাম ও ভ্যাকসিন ক্রয়ে ২০২০-২১ অর্থবছর থেকে মোট চার হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে শুধুমাত্র ভ্যাকসিন কিনতেই ব্যয় হয়েছে চার হাজার ৩৯৪ কোটি আট লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া সিরিঞ্জ কেনায় ৩০ কোটি ৮৮ লাখ এবং পরিবহন ও অন্যান্য চার্জ বাবদ প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে।
ভ্যাকসিন আমদানিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য খাতে জনবল সঙ্কট কাটাতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি জানান, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন পর্যায়ে এখনো উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ ধাপে ধাপে পূরণের কার্যক্রম চলমান রয়েছে।
হজ ফ্লাইটের প্রস্তুতি
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজকার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে।
সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধার্থে ব্যয় কমানোর লক্ষ্যে হজ প্যাকেজ পুনর্বিবেচনার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।



