জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬ গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়েছে। গত সোমবার চার দিনব্যাপী এই ক্যাম্পের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েল ফেলার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি কর্নেল (অব:) মোহাম্মদ আবদুল হক, পিএসসি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর, আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা।
অতিথিরা শিশুদের উদ্দেশে বলেন, তোমাদের দ্বারা সব সম্ভব, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যেই আছে আগামীর নেতৃত্ব। তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও। জীবনে বাধা আসবেই, সকল বাধা পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হয়ে নিজেকে তৈরি করে দেশের সেবায় নিয়োজিত করতেও উৎসাহিত করেন।
সিাপ্রং ক্যাম্পে অংশগ্রহণকারীরা আলোর ভুবন, জীবন পথের গান, মেধা যাচাই, শরীরচর্চা ও মাঠের কাজ, চ্যালেঞ্জিং আওয়ার, ফাস্ট এইড ও সিভিল ডিফেন্স, শিশু পার্লামেন্টের মতো বিভিন্ন শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সারা দেশ থেকে ৪র্থ থেকে অনূর্ধ্ব ১০ম শ্রেণীর প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করে রেজিমেন্টের নাম জুলাই শিশু শহীদদের নামে নামকরণ করা হয়। এগুলো হলো শহীদ জাবির ইব্রাহিম রেজিমেন্ট, শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ তাহমিদ ভূঁইয়া, শহীদ আব্দুল আহাদ, শহীদ শাহরিয়ার খান আনাস এবং শহীদ গোলাম নাফিজ রেজিমেন্ট।
গত ৩ এপ্রিল ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অব:) মো: জাকারিয়া হোসাইন, পিএসসি.জি। সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। বিজ্ঞপ্তি।



