সংসদে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। এদিন, প্রশ্নোত্তরসহ অন্যান্য বিষয়ের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন পদ্ধতিতে সরকারি দলের মুলতবি প্রস্তাব। গত বুধবার বিএনপি সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এই প্রস্তাবটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি গ্রহণ করে আজ রোববার আলোচনার জন্য অধিবেশনের শেষ বিষয় হিসেবে নির্ধারণ করে দেন। সরকারি দলের এই প্রস্তাবটির উপর আলোচনায় বিরোধী দলের সদস্যরাও অংশ নিতে পারেন। এতে অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা করতে বিএনপির সিনিয়র সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি গ্রহণের সময় স্পিকার বলেন, সংসদের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘ ৫৩ বছরে এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। ফলে বিষয়টি সংসদে বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে একই ইস্যুতে জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। গত মঙ্গলবার এ নিয়ে সংসদে প্রায় দুই ঘণ্টা আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করে বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করেন।

এ ছাড়া গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও একই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব দেন, যা এখনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ বাতিলের বিষয়ে সংসদকে প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি। বাতিলের প্রস্তাবে থাকা অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট, মানবাধিকার ও গুমসংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। এ নিয়ে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের ঘোষণা দিয়ে গতকাল শনিবার বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। ফলে রাষ্ট্রপতির ভাষণ কিংবা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের সদস্যরা তাদের অবস্থান জানাতে পারে। এতে সংসদ অধিবেশন আজও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।