মাদারীপুর প্রতিনিধি
‘যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়। অসহায় আত্মসমর্পণ সম্পাদক-সাংবাদিক, মালিকদের মানায় না, যা আমরা গত ১৭ বছর দেখেছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু লিখতে পারতাম, বলতে পারতাম। যা আমরা করিনি এবং পারিনি। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে আয়োজিত এক নৌভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
তিনি আরো বলেন, ‘হলুদ সাংবাদিকতা এমন ভাবে বেড়ে গেছে যে মূল সাংবাদিক পাওয়া যায় না। আজ সচিবালয়ে ঢুকবেন, বগলদাবা সম্পাদকদের দাপটে আসল সম্পাদকেরা কোণঠাসা। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে না পারি, তাহলে সাংবাদিকদের সম্মান-মর্যাদা থাকবে না!’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সময় টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এম এ মান্নান মিয়া প্রমুখ।



