রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় একটি ডাইং কারখানার বর্জ্যে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, রনি নিট অ্যান্ড কম্পোজিট ডাইং কারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য ও রঙিন দূষিত পানি আশপাশের কৃষিজমি, মাছের খামার ও জলাশয়ে ফেলা হচ্ছে। এতে ফসলহানি ঘটছে, মরে যাচ্ছে মাছ এবং জনস্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে।
স্থানীয়দের অভিযোগ, দিনে স্বাভাবিক কার্যক্রম চালালেও কারখানাটি রাতের অন্ধকারে গোপনে বর্জ্য নিঃসরণ করে। এসব বর্জ্য পাশের সেচ খাল দিয়ে আশপাশের জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ছে। ফলে সকালে পুকুরে ভেসে উঠছে মরা মাছ এবং চার দিকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।
খাদুন গ্রামের বাসিন্দা আমজাদ আলী ভুঁইয়া এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক মো: সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরজমিনে দেখা যায়, কারখানার বর্জ্যে খাল ও আশপাশের পানি কালচে ও রঙিন হয়ে গেছে। পানির ওপর ফেনা ভাসছে এবং দুর্গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীতকরণের কাজের সময় পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় বর্জ্য নিষ্কাশনের পথ সঙ্কুচিত হয়ে গেছে। সেই কারণে কারখানা কর্তৃপক্ষ পাশের মাছের খামার ও কৃষিজমিতে সরাসরি বর্জ্য ফেলছে।
এতে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দূষিত পানির কারণে অনেকে পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। দুর্গন্ধের কারণে পথচারীদের মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, কারখানার বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।



