নিজস্ব প্রতিবেদক
ফেসবুক হ্যাক করে ব্যক্তিগত ছবি হাতিয়ে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫) মপল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতারক চক্রের সদস্য।
এক ভুক্তভোগী নারীর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের সদস্যরা সাভার ডিওএইচএসের ভাড়া বাসা থেকে প্রিন্সকে গ্রেফতার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন এবং দু’টি সিম কার্ড জব্দ করা হয়।
গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, প্রতারকচক্র প্রথমে ফেসবুকে একটি নির্দিষ্ট আইডিকে লক্ষ্যবস্তু করে সুকৌশলে নিজেদের আয়ত্তে আনে। এরপর সেখান থেকে ব্ল্যাকমেইলিং করার মতো বিভিন্ন উপাদান সংগ্রহ করে। পরে ভুক্তভোগীকে মান-সম্মান ক্ষুণœ করার চাপে রেখে ধাপে ধাপে অর্থ আদায় করে।
তিনি বলেন, ২০২৫ সালের মার্চের মাঝামাঝি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এক ভুক্তভোগীকে নক দিয়ে তার ও স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ক্রমাগত হুমকি দিয়ে তার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। গ্রেফতার প্রিন্স প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়া এবং পরে সেগুলো ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছেন। এই চক্রের সাথে জড়িত অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



