চরমোনাইয়ে তিন দিনের ফাল্গুন মাহফিল শেষ

Printed Edition

বরিশাল ব্যুরো

আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। গত ১ এপ্রিল’ বাদ জোহর আমিরুল মুজাহিদীন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে গতকাল সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা। সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষকে কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় নেই তিনি আলেম, মুফতি ও পীর হলেও কোনো মূল্য নেই।

তিনি বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বরি, হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে।

আখেরি মুনাজাতে চরমোনাই পীর- ফিলিস্তিন, ভারত, কাশ্মির, মিয়ানমার, সিরিয়া, ইরান, লেবাননসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের অবসান ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। পাশাপাশি গত অগ্রহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী প্রায় দেড় হাজার মুরিদানের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ বছর মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশবরেণ্য বিশিষ্ট ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখরা।