ক্রীড়া ডেস্ক
হ্যামস্ট্রিং চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় জার্সিতেও মাঠে দেখা যায়নি সিআর সেভেনকে। তবে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও খেলায় আগের যে ধার ছিল, তা একটুও কমে যায়নি। সৌদি প্রো লিগ গত পরশু আল নাজমার বিপক্ষে মাঠে নেমে আবার প্রমাণ দিলেন। করলেন জোড়া গোল। সাথে সাদিও মানের দু’টি ও আবদুল্লাহ আল-হামদানের এক গোলের সুবাদে ৫-২ গোলের বড় জয় পেয়েছে দলও। আর দুই গোলের সুবাদে হাজার গোলের মাইলফলকের পথে আরেকটু এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা। আর বিশ্বকাপের আগে এভাবে ফেরায় আশার আলো দেখাচ্ছে পর্তুগাল ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনালদো-সমর্থকদের।
৫৬ মিনিটে পেনাল্টি শটে গোল করে দলকে এগিয়ে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। ৭৩ মিনিটে ব্যবধান ৪-২ করেন রোনালদো। দুই গোলের সুবাদে ক্যারিয়ারে এখন ৯৬৭-তে পৌঁছে গেলেন রোনালদো। হাজারতম গোলের মাইফলকে পৌঁছতে আর ৩৩ গোল প্রয়োজন পর্তুগিজ সুপারস্টারের। দলের হয়ে শেষ গোলটি করেন ম্যাচের ৯০ মিনিটে মানে। এই নিয়ে টানা ১৩ ম্যাচে জয়ের স্বাদ পেল দলটি।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছোট প্রতিক্রিয়া জানান ৪১ বছর বয়সী তারকা, ‘ফিরতে পেরে ভালো লাগছে। এক সাথে সামনে এগিয়ে যাবো আমরা।’



