কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানো এসি ল্যান্ডকে পদোন্নতি দিয়ে সিলেটে বদলি

Printed Edition

সিলেট ব্যুরো

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় প্রত্যাহার হওয়া সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে পদোন্নতি দিয়ে সিলেটে বদলি করা হয়েছে। তাকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সিদ্ধান্তকে ঘিরে সিলেটের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছে। সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, একজন বিতর্কিত কর্মকর্তাকে শাস্তির বদলে পদোন্নতি দিয়ে অন্যত্র পদায়ন করা এক অনভিপ্রেত দৃষ্টান্ত।

উল্লেখ্য, গত ১ এপ্রিল বুধবার দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ ওঠে এসিল্যান্ড ফয়সাল আল নূরের বিরুদ্ধে। পরে হাতকড়া পরিহিত অবস্থায় সাংবাদিকদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ ও দৈনিক আমার শহর পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীম। জানা গেছে, নামজারিসংক্রান্ত একটি বিষয়ে তথ্য জানতে চাইলে এসিল্যান্ডের সাথে বাগি¦তণ্ডা হয়। এ সময় ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকেন এবং দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠান। অভিযোগ রয়েছে, থানায় নেয়ার পর তাদের মোবাইল ফোন জব্দ করে ভিডিও ফুটেজ মুছে ফেলা হয়।