রাজশাহী ব্যুরো
রাজশাহীর তানোর পৌরসভায় নবুয়াতলা ব্রিজ এবং সরনজায় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তানোর ও গোদাগাড়ী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সেতু, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, নবুয়াতলা ব্রিজ এবং সরনজায় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক উদ্বোধনের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা আরো গতিশীল হবে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে জনগণের কল্যাণে ভবিষ্যতেও আরো কার্যকর উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে তানোর উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ দিনের প্রত্যাশিত এই ব্রিজ ও সংযোগ সড়ক চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরো সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



