ডিবেট ফর ডেমোক্র্যাসির ছায়া সংসদ

যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতে হবে : ম. তামিম

Printed Edition
ডিবেট ফর ডেমোক্র্যাসির বিতর্ক প্রতিযোগিতায় অতিথিদের সাথে বিতার্কীকেরা
ডিবেট ফর ডেমোক্র্যাসির বিতর্ক প্রতিযোগিতায় অতিথিদের সাথে বিতার্কীকেরা

অতীতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থ বিবেচনায় আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বিঘœ ঘটায় আমদানিকারক দেশ হিসেবে আমরা সঙ্কটে পড়েছি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগের নীতির সংশোধন প্রয়োজন। মধ্যপ্রাচ্য সঙ্কট শুরুর আগে আমাদের মাত্র দুই দিনের জ্বালানি মজুদ ছিল। তখন কোনো আতঙ্ক তৈরি না হলেও এখন সাত থেকে ১৫ দিনের মজুদ থাকার পরেও প্যানিক সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হয়ে মানুষ চাহিদার চেয়ে বেশি পেট্রল-অকটেন কিনছে। অথচ দেশে বড় সঙ্কট হওয়ার কথা ডিজেল নিয়ে। অতীতে সরকার জ্বালানি মজুদ ও সরবরাহ নিয়ে মিথ্যা তথ্য দেয়ার কারণে বর্তমানে জনগণ সরকারি তথ্য বিশ্বাস করতে চাচ্ছে না। পাকিস্তানে বাংলাদেশের দ্বিগুণ মূল্যে জ্বালানি বিক্রি হচ্ছে। বাংলাদেশে জ্বালানির দাম বাড়ানো হলে ব্যাপক মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘ দিন ভর্তুকি দিয়ে জ্বালানি চাহিদা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বৃদ্ধি করতেই হবে। বিপিসি বিগত সময়ে প্রতি বছর তিন হাজার কোটি টাকার নিচে মুনাফা করেনি। সেই হিসাবে গত ১০ বছরে ৩০ হাজার কোটি টাকা প্রফিট করেছে। দুর্ভাগ্য হচ্ছে বিপিসি মুনাফার এই টাকা বিপদের জন্য না রেখে অন্যখানে ব্যয় করেছে। সরকার সেই টাকা অন্য খাতে নিয়ে নিয়েছে। গতকাল শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে জ্বালানি সঙ্কট মোকাবেলায় করণীয় নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্র্যাসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমাদের জ্বালানি নিরাপত্তা বিঘিœত হচ্ছে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে নেতৃত্বের ব্যর্থতা ছিল। সে ব্যর্থতার মাশুল এখন জনগণ ভোগ করছে। অর্ন্তবর্তী সরকারও জ্বালানি সক্ষমতা স্থিতিশীল রাখতে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কুইক রেন্টালের নামে ক্যাপাসিটি চার্জ প্রদানের বিষয়টি পর্যালোচনা করা জরুরি। আদানির সাথে বিদ্যুৎ কেনার চুক্তিটি ছিল একপক্ষীয়। এতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি। আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিগুলো পুনঃমূল্যায়ন করা উচিত। জনগণকে স্বস্তিতে রাখতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিলেও এখন পর্যন্ত দাম বাড়ায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতি ও বিশ্ববাজারে মূল্য বাড়ায় জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরির মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি করা হবে অন্যায্য। তবে জ্বালানি তেল নিয়ে কোনো কুচক্রী মহল যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে তার জন্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়াতে হবে। প্যানিক বায়িং ও তেলের মজুদ থেকে বিরত হয়ে সঙ্কট মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত। জনাব কিরণ আরো বলেন, আসন্ন বাজেটের প্রধান চ্যালেঞ্জ হবে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা না গেলে শিল্পকারখানা বন্ধ হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থান কমবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, খাদ্যনিরাপত্তা বিঘিœত হবে, পরিবহন ও পণ্য উৎপাদন খরচ বেড়ে দ্রব্যমূল্য বাড়বে, রিজার্ভের সঙ্কট হবে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে জনজীবনে ভোগান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে ‘অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সঙ্কট মোকাবেলা সম্ভব’ শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক রিজভী নেওয়াজ, সাংবাদিক রিশান নসরুল্লাহ, সাংবাদিক আতিকুর রহমান ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।