বগুড়া অফিস
আগামী ৯ এপ্রিল ৪১, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে মিছিল করেছেন সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বগুড়া-৬ আসনের বিএনপি দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ভোটের প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে জাতীয়তাবাদী ডাক্তার, নার্স ও কর্মকর্তা- কর্মচারী ব্যানারে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল চত্বর থেকে একটি প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে শেরপুর রোড (বনানী-মাটিডালী রোড) ধরে শহরের সাতমাথা ঘুরে আবারো মোহাম্মাদ আলী হাসপাতালে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা: আব্দুল ওয়াহেদ. এনেস্থিসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, হাসপাতালের অফিস সহকারী মো: রেজাউল করিম, অফিস সহায়ক (পিয়ন) তরু ও লয়া মিয়া, গাড়িচালক জাহিদুলসহ শজিমেক হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালের নার্স ও কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স জানান, বদলি বা চাকরিচ্যুতির ভয় দেখিয়ে কিছু অতি উৎসাহী ব্যক্তি মিছিলে যোগ দিতে বাধ্য করেছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে।



