নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং তাদের হাড়ভাঙা পরিশ্রমের ওপরই দেশের উন্নয়ন নির্ভর করে। অথচ আজো অনেক শ্রমিক চরম কষ্ট ও বৈষম্যের শিকার। ঈদসহ সব খুশির মুহূর্তে এসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
গতকাল সোমবার রাজধানীর হাজারীবাগ জোনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা কুতুবউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা মিঠু। অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কয়েক শ’ সুবিধাবঞ্চিত শ্রমিকের হাতে ঈদ উপহার তুলে দেন।
পরিশেষে শামসুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।



