সাটুরিয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমানমন্ত্রী

Printed Edition

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ার রাজৈর খেয়াঘাটে ধলেশ্বরী নদীতে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল লাখো মানুষের স্বপ্নের সেতু। গতকাল শনিবার দুপুরে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ-ছনকা বাজার ভায়া রাজৈর খেয়াঘাটে ধলেশ্বরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে এক হাজার ৭৫০ মিটার চেইনেজে ৩৩৬.৪ মিটার সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খামন রিতা বলেন, ‘নির্বাচনের পর প্রথম বরাইদ ইউনিয়ন দিয়ে শুরু হলো উন্নয়নের অগ্রযাত্রা। নির্বাচনের সময় আপনাদের দাবি এবং আমাদের কথা ছিল রাস্তাঘাট ও সেতু নির্মাণের বিষয়ে। আমরা সে কথা রাখতে পেরেছি।’ সেই সাথে সেতু নির্মাণের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা।