ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। স্বজনদের অভিযোগ, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা এবং শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই বিরোধ মীমাংসার কথা ছিল। এ দিন দুপুরে দাওয়াতে যাওয়ার পথে ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের পরিবারের দাবি, মিলনের শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী রোজিনা দাবি করেন, মিলনের সাথে অনেকের শত্রুতা ছিল এবং তার পরিবারের কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



