নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন দুই সহকারী অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেয়া দুই কর্মকর্তা হলেনÑ আহমদ মুসাননা চৌধুরী ও মুহা: মুজাহিদুল ইসলাম শাহিন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার তারা রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পেশ করেছেন। জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার থেকে রাষ্ট্রপক্ষের এই আইনজীবীদের কর্মদক্ষতা যাচাইয়ের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং বুধ ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাক্ষাৎকার ও মূল্যায়ন কার্যক্রম সূচি অনুযায়ী পরিচালিত হয়।
পদত্যাগের বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘মূলত আইন পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করার উদ্দেশ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
অন্য দিকে আহমদ মুসাননা চৌধুরী জানান, বুধবার তার মূল্যায়নের নির্ধারিত সময় থাকলেও তিনি তাতে অংশ নেননি। তিনিও ব্যক্তিগত আইন পেশায় অধিক সময় দেয়ার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক ও আইনি কাঠামো সংস্কারের অংশ হিসেবে এই দক্ষতা মূল্যায়নকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্টরা।



