রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়েছেন এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় গতকাল রোববার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলেন, জানতে পেরেছি কোনো এক ভক্ত বিএনপির পরামর্শক হিসেবে তারেক রহমানের সাথে দেখা করতে চান।
এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে একাধিকবার গুলশান থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে এক ব্যক্তি মোটরসাইকেলে এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যান। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশকে দেয়া হয়নি। সিএসএফের কাছে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, গত কয়েক দিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক শুভাকাক্সক্ষী তার সাথে দেখা করার সুযোগ না পেয়ে একটি চিঠিতে নিজের কথাগুলো লিখে গাড়িতে ঝুলিয়ে রেখে গেছেন। তবে ওই চিঠিতে কী লেখা ছিল এটা জানতে পারিনি।



