আলজাজিরা
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সৌদি আরব সফর শেষে তিনি এই সফরে যাচ্ছেন, যার মূল উদ্দেশ্য উপসাগরীয় দেশটির প্রতি সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করা। দোহায় অবস্থিত ইতালির দূতাবাস জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এটি জি-৭ ও জি-২০ ভুক্ত কোনো দেশের শীর্ষ নেতার প্রথম কাতার সফর।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারের ওপর চালানো হামলার বিরুদ্ধে ইতালির অবস্থান পুনর্ব্যক্ত করাই সফরের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মেলোনি এর আগেই এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সফরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কিভাবে প্রভাবিত হচ্ছে।



