ক্রীড়া ডেস্ক
ইত্তিহাদ স্টেডিয়ামে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিভারপুল। প্রতিপক্ষের মাঠে শুরুতে আক্রমণে আধিপত্য দেখাল অল রেডরা। প্রথম গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারল না আর্নে সøটের শীর্ষরা। সময় গড়ানোর সাথে সাথে নিজেদের মাঠে গোছানো ফুটবলে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। এরপর একে একে তিনবার লিভারপুলের জাল কাঁপালেন নরওয়ের এই ফরোয়ার্ড। ম্যাচে চালকের আসনে বসল ম্যানচেস্টার সিটি। হ্যাটট্রিক পূর্ণ করার আগে একবার জালে বল পাঠালেন আন্তোইন সেমেনিয়ো। আর হলান্ডের ক্যারিয়ারে আরো একটি হ্যাটট্রিক যোগ করার ম্যাচে ৪-০ ব্যবধানে লিভারপুলকে রীতিমতো বিধ্বস্ত করে শেষ চারে জায়গা করে নিলো ম্যানচেস্টার সিটি।
লিভারপুলের মতো দিনটি বাজে কাটে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহরও। গোলের খুব ভালো কিছু সুযোগ হাতছাড়া করার পাশাপাশি ব্যর্থ হন পেনাল্টিতেও। ম্যাচ শুরুর ১৪ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ২৭ মিনিটে রদ্রির ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন হুগো একিটিকে। ৩৯ মিনিটে ভার্জিল ফন ডাইকের ফাউলে পেনাল্টি পায় ম্যানসিটি। সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উচ্চতা কাজে লাগিয়ে দারুণ হেডে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই নরওয়েজিয়ান।
দ্বিতীয়ার্ধে স্কোরলাইন ৩-০ করেন সেমেনিয়ো। ৫০ মিনিটে রায়ান চেরকির থ্রু বল ধরে চিপ শটে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিট পর সালাহ আরেকটি দারুণ সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। নিকো ও’রাইলি দারুণ কাট ব্যাকে বল পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের- এটাই দ্রুততম হ্যাটট্রিক।
৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সালাহ। একিটিকেকে সিটির মাথিউস নুনেস ফাউল করায় পেনাল্টিটি পায় লিভারপুল। কিন্তু সালাহর স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। এরপর আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটি। আর ব্যবধান কমানোর দু’টি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লিভারপুল। এ নিয়ে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি। যা টুর্নামেন্টে রেকর্ড। আর লিভারপুলের বিপক্ষে দাপুটে এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও ধরে রাখল ম্যানচেস্টার সিটি।



