বাংলাদেশের ভেতরে একটি সংগঠিত উগ্রপন্থী নেটওয়ার্ক নতুন করে নিজেদের পুনর্গঠন করছে- এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে একাধিক অনুসন্ধানী সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের কাছ থেকে। তাদের দাবি, পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর আদলে এবং তাদের সাথে যোগাযোগ রেখে দেশে একটি কাঠামো গড়ে উঠেছে, যা আগে ‘আনসার আল ইসলাম’ নামে পরিচিত ছিল। অভ্যন্তরীণভাবে এই সংগঠন এখন নিজেদের ‘তেহরিক-ই-তালিবান বাংলাদেশ (টিটিবি)’ নামে সংগঠিত করেছে বলে তথ্য পাওয়া গেছে।
যদিও নামটি এখনো প্রকাশ্যে ব্যবহৃত হয়নি, তবে নেতৃত্ব পুনর্বিন্যাস, শূরাভিত্তিক সিদ্ধান্ত কাঠামো এবং দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ- এসব ইঙ্গিত করছে এটি আর বিচ্ছিন্ন সেল-নির্ভর গোষ্ঠী নয়; বরং একটি সমন্বিত কমান্ড স্ট্রাকচারের দিকে অগ্রসর হচ্ছে।
এই প্রতিবেদনে অনুসন্ধান করা হয়েছে- এই কাঠামোর উৎস কোথায়, কারা নেতৃত্বে, পাকিস্তানভিত্তিক টিটিপি ও সীমান্তসংলগ্ন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সাথে তাদের সম্পর্ক কতটা গভীর এবং এই সমন্বয় বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
শূরা কাঠামো ও নেতৃত্ব পুনর্গঠন : সূত্রগুলো বলছে, টিটিবিকে কেন্দ্র করে একটি শূরা বা মূল কাউন্সিল গঠন করা হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুরনো নেটওয়ার্ককে একীভূত করে স্তরভিত্তিক কাঠামোয় আনার চেষ্টা চলছে। এই কাঠামোর শীর্ষে রয়েছেন মুফতি উসমান (ছদ্মনাম : শাইখুল হাদিস আবু ইমরান), যাকে সংগঠনের ‘আমির’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মতাদর্শিক অনুমোদন, নিয়োগ ও অর্থসংস্থানের ওপর তার সরাসরি প্রভাব রয়েছে বলে জানা গেছে।
অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তাদের বাংলাদেশ রাষ্ট্রকে ‘তাগুত’ ঘোষণা করার একটি পরিকল্পনা রয়েছে। পাকিস্তানে টিটিপি যে কৌশলে রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে সঙ্ঘাত পরিচালনা করছে, একই মডেল অনুসরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও একাধিক সূত্র দাবি করেছে।
টিটিপির সাথে কৌশলগত সংযোগ : গোয়েন্দা পর্যায়ের তথ্য বলছে, টিটিপি এই আঞ্চলিক নেটওয়ার্কের ‘স্ট্র্যাটেজিক গ্র্যাভিটি নোড’ হিসেবে কাজ করছে। বাংলাদেশভিত্তিক টিটিবি রিক্রুটমেন্ট, মতাদর্শিক সমন্বয় এবং মানবসম্পদ সরবরাহের একটি সহায়ক স্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইমরান হায়দার নামে এক ব্যক্তিকে বাংলাদেশ-পাকিস্তান সংযোগের ‘ট্রান্সন্যাশনাল ফ্যাসিলিটেটর’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, তার মাধ্যমে কয়েকজন বাংলাদেশী সদস্য টিটিপিতে যুক্ত হয়েছে এবং দুই নেটওয়ার্কের মধ্যে সমন্বয় রক্ষা করা হয়।
আরসার সাথে মাঠপর্যায়ের যোগাযোগ : মাঠপর্যায়ের অনুসন্ধান ও নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, টিটিবি এবং সীমান্তসংলগ্ন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে শীর্ষ পর্যায়ে সরাসরি যোগাযোগ রয়েছে। একাধিক সূত্রের দাবি, নেতৃত্ব পর্যায়ে নিয়মিত সমন্বয় বৈঠক, বার্তা আদান-প্রদান এবং প্রয়োজনভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই পক্ষ একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রশিক্ষণ, আশ্রয়, লজিস্টিক সহায়তা ও জনবল স্থানান্তরের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার অভিযোগ উঠেছে।
আরসা দীর্ঘ দিন ধরেই সীমান্ত এলাকায় মাদকপাচার, চাঁদাবাজি ও অবৈধ অর্থসংস্থানের সাথে জড়িত থাকার অভিযোগে আলোচিত। বিশেষ করে ইয়াবা ও ক্রিস্টাল মেথ পাচার থেকে সংগৃহীত অর্থ তাদের সাংগঠনিক কার্যক্রমে ব্যবহার হচ্ছে- এমন তথ্য বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার প্রতিবেদনে এসেছে। বিশ্লেষকদের মতে, এই অর্থনৈতিক ভিত্তি যেকোনো উগ্র নেটওয়ার্ককে দীর্ঘমেয়াদে টিকে থাকার সক্ষমতা দেয়।
এ ছাড়া আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিবেদনে উল্লেখ আছে, আরসার কিছু সদস্য অতীতে আইএসআইএস-খোরাসান (আইএসআইএস-খোরাসান)-সংযুক্ত প্রশিক্ষণ নিয়েছে। ফলে এই যোগাযোগ কেবল স্থানীয় বা সীমান্তভিত্তিক নয়; বরং বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক উগ্র নেটওয়ার্কের সাথে সম্পর্কের আশঙ্কাও তৈরি করছে। সবমিলিয়ে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
লক্ষ্য : রাষ্ট্রকে ‘বৈধ টার্গেট’ হিসেবে প্রতিষ্ঠা
নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, টিটিবির ঘোষিত বা অঘোষিত কৌশলের কেন্দ্রে রয়েছে রাষ্ট্রীয় কাঠামোর বৈধতাকে ভেঙে দেয়া এবং সহিংসতাকে মতাদর্শিকভাবে গ্রহণযোগ্য করে তোলা। তাদের পরিকল্পনা ধাপে ধাপে এগোয়। প্রথমত, সরকার, প্রশাসন ও সামরিক বাহিনীকে ধর্মীয় ভাষ্যে ‘অবৈধ’ বা ‘তাগুত’ হিসেবে চিহ্নিত করা হয়। এই ভাষ্য ব্যবহার করে রাষ্ট্রের প্রতি আনুগত্যকে প্রশ্নবিদ্ধ করা এবং তরুণদের মনে বিদ্বেষ তৈরি করাই মূল লক্ষ্য।
দ্বিতীয় ধাপে রাষ্ট্রবিরোধী সহিংসতাকে ‘বৈধ সংগ্রাম’ হিসেবে উপস্থাপন করা হয়। ধর্মীয় দায়িত্ব বা জিহাদের বিকৃত ব্যাখ্যার মাধ্যমে বোঝানো হয় যে, বিদ্যমান শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা ন্যায্য। এতে সহিংস কর্মকাণ্ডকে নৈতিক ও ধর্মীয় অনুমোদনের আবরণ দেয়া হয়।
তৃতীয়ত, প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো- যেমন পুলিশ, সেনাবাহিনী বা সরকারি স্থাপনাকে সরাসরি হামলার লক্ষ্য হিসেবে চিত্রিত করা হয়। ফলে সঙ্ঘাতকে তাত্ত্বিক অবস্থান থেকে বাস্তব অপারেশনে রূপ দেয়ার প্রস্তুতি তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, এই কৌশল পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর অনুসৃত মডেলের সাথে মিল রাখে। তাই এটিকে রাজনৈতিক মতভেদ নয়; বরং রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র চ্যালেঞ্জ হিসেবে দেখা প্রয়োজন।
নিয়োগ কৌশল : বিশ্ববিদ্যালয় ও মাদরাসা টার্গেট
অনুসন্ধানী তথ্য বলছে, টিটিবি-সংযুক্ত নেটওয়ার্ক তাদের সংগঠন কাঠামোকে অভ্যন্তরীণভাবে ‘তানযিম’ নামে অভিহিত করে এবং নিয়োগ কার্যক্রমকে পরিকল্পিত ও স্তরভিত্তিকভাবে পরিচালনা করে। তাদের প্রধান টার্গেট দু’টি সামাজিক পরিসর- বিশ্ববিদ্যালয় ও মাদরাসা। বিশ্লেষকদের মতে, এই দুই জায়গায় পরিচয়-সন্ধানী, আদর্শিকভাবে প্রভাবগ্রহণে প্রস্তুত বা সামাজিক-অর্থনৈতিক অনিশ্চয়তায় থাকা তরুণদের কাছে পৌঁছানো তুলনামূলক সহজ। ফলে দীর্ঘমেয়াদি মতাদর্শিক প্রভাব বিস্তারের জন্য এগুলোকে কৌশলগত ক্ষেত্র হিসেবে বেছে নেয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত তিন ধাপে অগ্রসর হয়। প্রথম ধাপ ‘সফট এক্সপোজার’- এ পর্যায়ে ধর্মীয় আলোচনা, অনলাইন দাওয়াহ, স্টাডি সার্কেল বা ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে যোগাযোগ গড়ে তোলা হয়। সরাসরি কোনো উগ্র বক্তব্য না দিয়ে আস্থা অর্জনই থাকে মূল লক্ষ্য।
দ্বিতীয় ধাপ ‘ফিল্টারিং’। এখানে সম্ভাব্য প্রার্থীদের ছোট গোষ্ঠীতে আলাদা করা হয় এবং ধাপে ধাপে কঠোর ও তাকফিরি মতাদর্শ সম্পর্কে পরিচিত করা হয়। মূলধারার আলেম, রাষ্ট্র ও প্রচলিত রাজনৈতিক কাঠামোর প্রতি সন্দেহ তৈরি করে বিচ্ছিন্নতার মানসিকতা গড়ে তোলা হয়।
শেষ ধাপ ‘কমিটমেন্ট’। এ পর্যায়ে সদস্যদের আনুগত্যের শপথ, গোপনীয়তা রক্ষা এবং নির্দিষ্ট নেটওয়ার্কে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়া হয়। কেউ কেউ লজিস্টিক বা সাংগঠনিক দায়িত্বও পেয়ে থাকে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা- এই ধীর, অদৃশ্য ও মনস্তাত্ত্বিক পদ্ধতিই সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে পরিবার বা প্রতিষ্ঠান অনেকসময় বুঝতেই পারে না কখন একজন তরুণ উগ্র নেটওয়ার্কের ভেতরে ঢুকে পড়েছে।
‘হিজরত’ বয়ান ও কাশ্মির রুট : অনুসন্ধানে উঠে এসেছে আরেকটি উদ্বেগজনক অভিযোগ- ‘হিজরত’ বা ধর্মীয় কর্তব্যের নামে তরুণদের বিদেশমুখী করার একটি কৌশল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কিছু নেটওয়ার্ক ধর্মীয় আবেগ ও আদর্শিক প্রভাব ব্যবহার করে নির্বাচিত তরুণদের কাশ্মিরগামী হতে উৎসাহিত করেছে। তাদের বোঝানো হয়, সেখানে যাওয়া একটি ‘পবিত্র দায়িত্ব বা সংগ্রামের অংশ। এই বয়ানকে কেন্দ্র করে অনেকেই পড়াশোনা, পরিবার ও সম্পদ ছেড়ে সীমান্ত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেয়।
একাধিক পরিবার জানিয়েছে, তাদের সন্তানরা সংগঠনের নির্দেশনায় ভারতে প্রবেশের পরপরই গ্রেফতার হয়েছে এবং এখনো ভারতীয় কারাগারে আটক রয়েছে। দীর্ঘ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পরিবারগুলো জানতে পারে তারা কাশ্মিরমুখী হয়েছিল। ফলে এসব ঘটনার মানবিক ও আইনি জটিলতা আরো গভীর হয়েছে।
প্রাক্তন কয়েকজন সদস্যের ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় অস্বাভাবিক সমন্বয় ও সংগঠিত দিকনির্দেশনার ইঙ্গিত ছিল। যদিও এসব অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত এখনো হয়নি, নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ এমন প্রবণতা তরুণদের ঝুঁকিপূর্ণ সঙ্ঘাতমুখী এলাকায় ঠেলে দেয়ার পাশাপাশি দেশের জন্য কূটনৈতিক ও নিরাপত্তা জটিলতাও তৈরি করতে পারে।
রোহিঙ্গা সঙ্কটে সম্ভাব্য প্রভাব : নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিটিবি-আরসা-টিটিপির ক্রমবর্ধমান সমন্বয় রোহিঙ্গা সঙ্কটের চরিত্রে একটি ঝুঁকিপূর্ণ পরিবর্তন আনতে পারে। এতদিন বিষয়টি মূলত মানবিক বিপর্যয়, নাগরিক অধিকার ও আশ্রয়-সঙ্কট হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচিত হলেও, উগ্রপন্থী নেটওয়ার্কের সম্পৃক্ততার অভিযোগ সামনে এলে তা দ্রুত নিরাপত্তাকেন্দ্রিক আলোচনায় রূপ নিতে পারে। বিশেষ করে সীমান্তসংলগ্ন এলাকায় সক্রিয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর যোগাযোগের ইঙ্গিত আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি করতে পারে।
এর ফলে সবচেয়ে বড় ঝুঁকি হলো- পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা হুমকি হিসেবে সাধারণীকরণ করা। কয়েকটি উগ্র গোষ্ঠীর কার্যকলাপের দায় লাখো নিরীহ শরণার্থীর ওপর বর্তালে আন্তর্জাতিক সহানুভূতি ও মানবিক সমর্থন কমে যেতে পারে। দাতা সংস্থা, উন্নয়ন অংশীদার ও আশ্রয়দাতা রাষ্ট্রগুলোর অবস্থান কঠোর হলে ত্রাণ, পুনর্বাসন ও কূটনৈতিক চাপ- সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।
এতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও জটিল হতে পারে। মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ সামাল দিতে গিয়ে সরকারকে দ্বৈত চাপের মুখে পড়তে হবে। ফলে সঙ্কটের সমাধান আরো দীর্ঘমেয়াদি ও কঠিন হয়ে উঠতে পারে।
জাতীয় নিরাপত্তার সরাসরি চ্যালেঞ্জ
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠা টিটিবি-সংযুক্ত এই নেটওয়ার্ক কেবল একটি বিচ্ছিন্ন উগ্রপন্থী গোষ্ঠী নয়; বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বহুমাত্রিক হুমকি। তাদের কার্যক্রম তিনটি স্পষ্ট স্তরে ঝুঁকি তৈরি করছে। প্রথমত, রাষ্ট্রের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা। সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে ধর্মীয় ভাষ্যে ‘অবৈধ’ বা ‘তাগুত’ হিসেবে আখ্যা দিয়ে তারা রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস অবস্থানকে মতাদর্শিক বৈধতা দিতে চায়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সামাজিক আস্থা দুর্বল হয়।
দ্বিতীয়ত, অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এতে বাড়ছে। মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ, গোপন সংগঠন কাঠামো এবং সীমান্তসংলগ্ন অপরাধচক্রের সাথে যোগাযোগের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। বিশেষ করে মাদক ও চাঁদাবাজিনির্ভর অর্থসংস্থান তাদের দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতা বাড়ায়।
তৃতীয়ত, বিদেশভিত্তিক সমন্বয় এই সঙ্কটকে আরো জটিল করছে। পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং সীমান্তসংলগ্ন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সাথে যোগাযোগ থাকলে বিষয়টি কেবল অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি সরাসরি সার্বভৌমত্বের প্রশ্নে রূপ নেয়।
ফলে আন্তঃসীমান্ত সমন্বয়, অবৈধ অর্থপ্রবাহ ও মতাদর্শিক উগ্রতার সমন্বয়ে এই নেটওয়ার্ক দীর্ঘমেয়াদে জাতীয় স্থিতিশীলতার জন্য গুরুতর নিরাপত্তা সঙ্কট তৈরি করতে পারে।
সবমিলিয়ে স্পষ্ট হচ্ছে, এটি বিচ্ছিন্ন জঙ্গি কার্যক্রমের প্রশ্ন নয়; বরং মতাদর্শিক, সংগঠনগত এবং আন্তঃসীমান্ত সমন্বয়ের মাধ্যমে গড়ে ওঠা একটি কাঠামোবদ্ধ নেটওয়ার্কের ইঙ্গিত। বাংলাদেশের জন্য এটি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়- বরং জাতীয় নিরাপত্তা, কূটনীতি এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্ন।
বিশ্লেষকদের ভাষায়, ‘এখনই পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক তদন্ত এবং প্রতিরোধমূলক কৌশল জোরদার না করলে ভবিষ্যতে ঝুঁকির মাত্রা আরো বাড়তে পারে।’



