উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে রাজনৈতিক দলের কাছে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, সে দলের হাতে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না।
গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কয়ড়া বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই সংঘর্ষ লিপ্ত হয়।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর দেশজুড়ে বিএনপির চাঁদাবাজি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাসস্ট্যান্ড, পেম্পোস্ট্যান্ড, মাছের আড়ত, ফলের দোকান, টং দোকান, ফুটপাথ, সবজি বাজার ও বালুমহাল- এমন কোনো জায়গা নেই যা চাঁদাবাজির বাইরে। আগে যেখানে ২০০ টাকা চাঁদা দিতে হতো, সেখানে এখন ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এমনকি ফকিরদের কাছ থেকেও জোরপূর্বক চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করি। জামায়াত মতায় গেলে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হবে। শিা, যোগাযোগ ও অবকাঠামো খাতে যুগোপযোগী উন্নয়ন সাধন করা হবে। স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে, যা অতীতের সরকারগুলো করতে ব্যর্থ হয়েছে।
নির্বাচনী জনসভায় মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল এবং উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ।



