চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-৯ আসনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রিকশাচালকদের সাথে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশে অংশ নেন।
নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি হলে আয়োজিত এ প্রীতি সমাবেশে রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে ডা: ফজলুল হক বলেন, রিকশাচালকরা শহরের যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘ দিন ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি নির্বাচিত হলে রিকশাচালকদের জীবনমানোন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী মতায় এলে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ও ভোগান্তি ছাড়াই নিজ নিজ কাজ করতে পারে, সে বিষয়ে বিশেষ নজর দেয়া হবে।
সমাবেশে উপস্থিত রিকশাচালকরা তাদের দৈনন্দিন নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা যানজট, পুলিশি হয়রানি, নির্দিষ্ট রিকশাস্ট্যান্ডের অভাব এবং সামাজিক নিরাপত্তার ঘাটতিকে তাদের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন।
বাকলিয়া থানা আমির সুলতান আহমদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডা: ফজলুল হক রিকশাচালকদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। সমাবেশে বিপুলসংখ্যক রিকশাচালক অংশগ্রহণ করেন।



