ডা: শফিকুর রহমান ও জামায়াতের মূলধারার অবস্থান স্পষ্ট করা, সংগঠন টিকিয়ে রাখা থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রস্থলে উঠে আসার বাস্তব যাত্রা, জন-আস্থা, অন্তর্ভুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র দর্শনই গড়ে দেবে আগামীর রাজনৈতিক বাস্তবতা।
বাংলাদেশের রাজনীতিতে কিছু নেতৃত্ব শুধু একটি দল পরিচালনা করেন না; বরং একটি জাতির পরিচয়ের পুনর্গঠনের দায়িত্ব নেন। ডা: শফিকুর রহমান-বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় রাজনীতিতে বিরোধী নেতৃত্বের অন্যতম প্রধান মুখ— এমন এক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন, যেখানে একটি দল একদিকে অতীতের ভার বহন করছে, অন্যদিকে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সেই সাথে জাতির বৃহত্তর জনগোষ্ঠীকে ইসলামী মূল্যবোধ ও আদর্শের রাজনীতিতে নিয়ে আসার অব্যাহত প্রচেষ্টা জারি রাখছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যাত্রা স্বাধীনতার পর থেকেই নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। বিশেষত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে দলটি সমালোচনার মুখে রয়েছে। ২০১০-এর দশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, শীর্ষ নেতাদের দণ্ড কার্যকর এবং ২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে দলীয় নিবন্ধন বাতিল— এই ধারাবাহিক ঘটনাপ্রবাহ দলটিকে গভীর সাংগঠনিক ও রাজনৈতিক সঙ্কটে ফেলে। ২০১৪-১৮ সময়কালে নির্বাচনী রাজনীতিতে সীমিত অংশগ্রহণ ও জোটনির্ভর অবস্থান দলটির রাজনৈতিক দৃশ্যমানতা আরো সঙ্কুুচিত করে।
এই প্রেক্ষাপটে ২০১৯ সালে ডা: শফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেন— এমন এক সময়, যখন দলটি রাজনৈতিকভাবে প্রান্তিক, আইনি ও সাংগঠনিক চাপে এবং জনমতের একটি বড় অংশে প্রশ্নবিদ্ধ। দায়িত্ব গ্রহণের পর তার প্রথম অগ্রাধিকার ছিল দল টিকিয়ে রাখা এবং ধাপে ধাপে স্থিতিশীল করা। তিনি কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠন, দায়িত্ব বণ্টন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের মাধ্যমে একটি কার্যকর ভিত্তি তৈরি করেন, যা ছিল মূলত অস্তিত্ব রক্ষার পর্যায়। পরে তার নেতৃত্বে কৌশলগত পরিবর্তন লক্ষ করা যায়। রাজনৈতিক ভাষায় সংযম, সঙ্ঘাতমূলক অবস্থান থেকে সরে এসে নীতিভিত্তিক বক্তব্য প্রদান এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি— এসব পদক্ষেপ দলটির নতুন অবস্থান নির্ধারণে সহায়ক হয়। ২০২০-২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় ত্রাণ ও সহায়তা কার্যক্রম দলটিকে আবার জনসম্পৃক্ততার পরিসরে নিয়ে আসে। একই সাথে, ডিজিটাল মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ স্থাপন দলটির দৃশ্যমানতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০২১-২৩ সময়ে অর্থনীতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, সুশাসন ও ন্যায়বিচার ইস্যুতে বক্তব্য প্রদান দলটিকে একটি নীতিনির্ভর রাজনৈতিক কণ্ঠ হিসেবে উপস্থাপন করে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে বর্তমান সময়ে ডা: শফিকুর রহমান জাতীয় রাজনীতিতে শক্তিশালী বিকল্প কণ্ঠ হিসেবে উত্থিত হয়েছেন এবং বিরোধী নেতৃত্বের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার দিকে এগোচ্ছেন। তার নেতৃত্বে জামায়াত ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির একটি শক্তিশালী মূলধারার অবস্থানে আসার বাস্তব ভিত্তি তৈরি করেছে।
এই প্রেক্ষাপটে সংসদীয় রাজনীতিতে বিরোধীদলীয় নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কার্যকর বিরোধী নেতৃত্বের দায়িত্ব হলো, সরকারের নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা, বিকল্প নীতি প্রস্তাব উপস্থাপন করা, সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনস্বার্থকে জোরালোভাবে তুলে ধরা। বিরোধী দল সংসদে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম হিসেবে কাজ করে।
এই ধারাবাহিকতায় বিরোধী রাজনৈতিক জোটের অভ্যন্তরে আলোচনার মাধ্যমে ডা: শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতৃত্বের কেন্দ্রে আনার সিদ্ধান্ত একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে, যা তার নেতৃত্বের প্রতি আস্থা এবং একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়াসকে নির্দেশ করে। এর মাধ্যমে তিনি কেবল একটি দলের নেতা নন; বরং বৃহত্তর বিরোধী রাজনীতির একটি সমন্বয়কারী কণ্ঠ হিসেবেও আবির্ভূত হচ্ছেন।
তবে এই অগ্রগতির পাশাপাশি মৌলিক কিছু সীমাবদ্ধতাও আছে। অতীতের ঐতিহাসিক বিতর্ক এখনো জনমতের একটি অংশে অবিশ্বাস সৃষ্টি করে। দলীয় নিবন্ধন ও নির্বাচনী অংশগ্রহণ ঘিরে আইনি জটিলতা রাজনৈতিক বৈধতা অর্জনের পথে বড় বাধা হয়ে আছে। একই সাথে, নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক নীতির বিষয়ে আরো সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য অবস্থান প্রয়োজন; কারণ, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নারীর অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।
এ বাস্তবতার প্রমাণ দেশের সামাজিক-অর্থনৈতিক কাঠামোতেই বিদ্যমান। তৈরী পোশাক শিল্প, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে নারীর অবদান জাতীয় উন্নয়ন এগিয়ে নিয়েছে। স্থানীয় সরকারব্যবস্থায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক ইস্যুগুলোর বাস্তব প্রতিফলন ঘটেছে। একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে লিঙ্গসমতা এখন উন্নয়ন ও কূটনৈতিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ সূচক। ফলে নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করা রাজনৈতিক গ্রহণযোগ্যতার কেন্দ্রীয় শর্তে পরিণত হয়েছে।
এই প্রেক্ষাপটে আল-কুরআন ও হাদিসভিত্তিক ন্যায় ও মর্যাদার কাঠামোর মধ্যেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে। ‘পড়ো’ (সূরা আল-আলাক ৯৬ : ১), ‘আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।’ (সূরা আল-ইসরা-১৭ : ৭০) এবং ‘নারী যা অর্জন করে তারও অংশ রয়েছে।’ (সূরা আন-নিসা-৪ : ৩২) এই নির্দেশনাগুলো নারী শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণকে একটি ধর্মসম্মত ভিত্তি প্রদান করে।
অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি এখন প্রতিযোগিতামূলক, জোটনির্ভর এবং আন্তর্জাতিক মানদণ্ড দ্বারা প্রভাবিত। ২০১৩ সালের নিবন্ধন বাতিলের পর থেকে আইনি পুনঃপ্রবেশ একটি কেন্দ্রীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ২০১৪-১৮ সময়কালের জোটনির্ভর অবস্থান দলটির স্বাধীন রাজনৈতিক বিকাশ সীমিত করেছে। বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আরো সক্রিয়— ফলে জনস্বীকৃতি অর্জন, আইনি বৈধতা পুনরুদ্ধার এবং জোট রাজনীতিতে সঠিক অবস্থান নির্ধারণ অপরিহার্য হয়ে উঠেছে।
ভবিষ্যতের দিকে তাকালে ডা: শফিকুর রহমানের সামনে কয়েকটি নির্ধারক চ্যালেঞ্জ স্পষ্ট। অতীতের ধারণা পরিবর্তন করে নতুন আস্থা তৈরি, নারী ও তরুণদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত রাজনৈতিক ভিত্তি গড়ে তোলা, নীতির স্পষ্টতা নিশ্চিত করা এবং ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক রাষ্ট্রনীতির কার্যকর সমন্বয় সাধন। একই সাথে নতুন প্রজন্মের জন্য একটি ইতিবাচক, নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখে একটি সুসংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা এখন সময়ের দাবি।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্পষ্ট নীতিপত্র প্রণয়ন, সংলাপ-ভিত্তিক রাজনীতি, আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধা এবং সামাজিক কার্যক্রম সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, ন্যায়ভিত্তিক প্রশাসন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যে আকাঙ্ক্ষা— তা বাস্তবায়নের জন্য একটি কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করাই এখন প্রধান লক্ষ্য।
জনগণের দৃষ্টিভঙ্গি এখানেই নির্ধারক হয়ে উঠবে। একটি কার্যকর বিরোধী নেতৃত্ব হিসেবে ডা: শফিকুর রহমানের কাছে প্রত্যাশা থাকবে— সংসদে শক্তিশালী উপস্থিতি, বাস্তবসম্মত নীতি প্রস্তাব, গঠনমূলক সমালোচনা এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও আপসহীন অবস্থান। একই সাথে জামায়াতে ইসলামী যদি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারে, তবে জন-আস্থা ক্রমেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব কিছু বিবেচনায় বলা যায়, ডা: শফিকুর রহমানের নেতৃত্ব আজ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় রূপান্তরের অধ্যায়ে পৌঁছেছে, যেখানে তিনি শুধু একটি দলকে টিকিয়ে রাখেননি; বরং ধীরে ধীরে তা পুনর্গঠন করে নতুন রাজনৈতিক বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সঙ্কট ও প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনকে স্থিতিশীল করেছেন, তৃণমূলভিত্তি পুনরুজ্জীবিত করেছেন এবং একটি সংযত, নীতিনির্ভর রাজনৈতিক ধারার মাধ্যমে দলকে আবার জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। একই সাথে তার নেতৃত্বে জামায়াত একটি শক্তিশালী মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথে এগোচ্ছে।
এই অগ্রযাত্রা কেবল একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়; বরং গভীরতর রূপান্তরের ইঙ্গিত— যেখানে লক্ষ্য হচ্ছে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠন করা এবং সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরআনভিত্তিক রাষ্ট্র, সরকার ও সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেয়া।
অতএব, এই নেতৃত্বের গল্প এখন আর কেবল সম্ভাবনার নয়, এটি একটি ঘটমান বাস্তবতা। সময়ই এর চূড়ান্ত নির্ধারক হবে; তবে ক্রমেই স্পষ্ট হচ্ছে, জন-আস্থা, অন্তর্ভুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রদর্শনই গড়ে দেবে আগামী রাজনৈতিক বাস্তবতা এবং সেই বাস্তবতার কেন্দ্রে ডা: শফিকুর রহমানের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।
লেখক : সাবেক সংসদ সদস্য



