কৃত্রিম বুদ্ধিমত্তা বা (এআই) আধুনিক প্রযুক্তির সর্বাধিক গুরুত্বপূর্ণ শাখা। এটি কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে শেখার, বিশ্লেষণের, সিদ্ধান্ত গ্রহণের এবং সমস্যার সমাধানের ক্ষমতা দেয়। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তি খাতে সীমাবদ্ধ নয়; বরং ব্যাংকিং, ফাইন্যান্স, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবহন এবং সামাজিক সেবার মতো বিভিন্ন খাতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংকিং এবং ইসলামী ফাইন্যান্স খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমে বাড়ছে। ইসলামী ফাইন্যান্সের মূল উদ্দেশ্য হলো শরিয়াহ-সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগ, ঝুঁকি ভাগাভাগি, মুনাফার হিসাব এবং ঝুঁকিমুক্ত লেনদেন। এই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাংকিং কার্যক্রম আরো দক্ষ, স্বচ্ছ এবং গ্রাহকবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে ইসলামী ব্যাংকিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় ক্রেডিট স্কোরিং, ঝুঁকি নিরূপণ, ফ্রড শনাক্তকরণ, স্মার্ট কন্ট্র্যাক্ট, গ্রাহক সেবা, বিনিয়োগ পূর্বাভাস এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এসব প্রযুক্তি শুধু ব্যাংককেই সুবিধা দেয় না, গ্রাহককেও ঝুঁকি থেকে সুরক্ষা দেয় এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণ আরো নির্ভুল ও তথ্যভিত্তিক করে।
বিশ্বব্যাপী ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে এআইয়ের ব্যবহার সম্প্রসারিত হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন করে, ঝুঁকি নিরূপণ করে, গ্রাহক সেবা উন্নত করে এবং বাজার পূর্বাভাস দেয়। চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেয়া সম্ভব হচ্ছে, যা গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করে। ঝুঁকি মূল্যায়ন ও ফ্রড শনাক্তকরণের ক্ষেত্রে এআই অস্বাভাবিক লেনদেন চিহ্নিত করে এবং সম্ভাব্য প্রতারণা থেকে ব্যাংক ও গ্রাহককে রক্ষা করে। বাজারের ওঠাপড়া এবং বিনিয়োগের সম্ভাব্য রিটার্ন পূর্বাভাসের ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়াও এটি বিক্রয় ও বিপণন কৌশল তৈরি, গ্রাহকের আচরণ বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক প্রোডাক্ট প্রস্তাব করার জন্যও ব্যবহৃত হয়।
ইসলামী ফাইন্যান্সের মূল দর্শনের যে লক্ষ্য, আধুনিক আর্থিক ব্যবস্থায় তার বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। এআই ইসলামী ফাইন্যান্সে এমন কিছু কাজ সম্পন্ন করতে সক্ষম, যা একদিকে মানবিক ভুল কমায়, অন্যদিকে ঝুঁকি হ্রাস ও স্বচ্ছতা নিশ্চিত করে শরিয়াহ কমপ্লায়েন্সকে আরো শক্তিশালী করে তোলে।
ইসলামী ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ দিক হলো জাকাত হিসাব ও সঠিকভাবে তা বণ্টন করা। বাস্তব ক্ষেত্রে জাকাত গণনা প্রায়ই জটিল হয়ে ওঠে, কারণ এতে নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, বিনিয়োগ, স্বর্ণ-রৌপ্য এবং অন্যান্য সম্পদের নিসাব ও সময়কাল বিবেচনা করতে হয়। এআই প্রযুক্তি গ্রাহকের আর্থিক তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে জাকাত নির্ধারণ করতে পারে এবং দানের পুরো প্রক্রিয়া ট্র্যাকিংয়ের মাধ্যমে স্বচ্ছভাবে পরিচালনা করতে সক্ষম। এতে জাকাত গণনায় ভুলের আশঙ্কা কমে এবং শরিয়াহ অনুযায়ী সঠিক হিসাব নিশ্চিত হয়।
বিনিয়োগ বিশ্লেষণ ও পরামর্শ দেয়ার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইসলামী ফাইন্যান্সে মুদারাবা ও মুশারাকাভিত্তিক বিনিয়োগে ঝুঁকি ও মুনাফা— উভয়ই অংশীদারদের মধ্যে ভাগাভাগি হয়। এআই বিপুল আর্থিক ও বাজারসংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি নিরূপণ ও সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে তোলে। এর ফলে বিনিয়োগ আরো তথ্যভিত্তিক, নিরাপদ ও কার্যকর হয়।
ইসলামী ব্যাংকিংয়ে ঋণ বা বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে ঝুঁঁকি মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই গ্রাহকের আর্থিক ইতিহাস, লেনদেনের ধরন, আয়-ব্যয়ের প্রবণতা এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত ও তুলনামূলকভাবে নির্ভুল ঝুঁকি মূল্যায়ন করতে পারে। এতে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো গতিশীল হয় এবং অনাদায়ী বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায়।
ফ্রড ডিটেকশন ও অস্বাভাবিক লেনদেন শনাক্তকরণে এআইয়ের ব্যবহার ইসলামী ফাইন্যান্সে বিশেষ গুরুত্বপূর্ণ। এআই অ্যালগরিদম স্বাভাবিক লেনদেনের প্যাটার্ন থেকে বিচ্যুতি শনাক্ত করে সম্ভাব্য প্রতারণা সম্পর্কে আগাম সতর্কতা দিতে পারে। এর মাধ্যমে ব্যাংক ও গ্রাহক উভয়ের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে এবং আস্থার পরিবেশ তৈরি হয়।
এ ছাড়াও, এআই স্বয়ংক্রিয় রিপোর্টিং ও শরিয়াহ কমপ্লায়েন্স যাচাইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেয়। নিয়মিত লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এআই স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদন তৈরি করতে পারে, যা ব্যাংক প্রশাসন ও শরিয়াহ বোর্ডের কাজ সহজ করে তোলে। শরিয়াবিরোধী কোনো লেনদেন বা শর্ত থাকলে তা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়, ফলে মানবিক ত্রুটির আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কার্যপদ্ধতির দিক থেকে এআই সাধারণত ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্ত বা পূর্বাভাস দান এবং পুনর্মূল্যায়ন— এই ধারাবাহিক ধাপ অনুসরণ করে। উদাহরণস্বরূপ, জাকাত হিসাবের ক্ষেত্রে এআই প্রথমে গ্রাহকের সম্পদ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে, এর পর শরিয়াহ সূত্র অনুযায়ী গণনা সম্পন্ন করে এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করে। একইভাবে বিনিয়োগ ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে এআই অতীত ও বর্তমান বাজারডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করে।
ইসলামী ফাইন্যান্সে এআই ব্যবহারের ফলে বহু সুবিধা অর্জিত হয়। এটি লেনদেন ও প্রক্রিয়াকরণকে দ্রুততর করে, ঝুঁকি হ্রাস ও স্বচ্ছতা বৃদ্ধি করে এবং পরিচালন ব্যয় কমিয়ে মানবশক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করে। এআই-ভিত্তিক চ্যাটবট ও স্বয়ংক্রিয় সেবার মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা সেবা পেতে পারেন, যা গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে বিশাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে এআই সঠিক ও বিশ্লেষণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
তবে এত সুবিধার পাশাপাশি এআই ব্যবহারে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। দক্ষ মানবসম্পদের অভাব, ডেটা নিরাপত্তা ও প্রাইভেসি ঝুঁকি, অ্যালগরিদমিক পক্ষপাত, শরিয়াহ কমপ্লায়েন্সের সীমাবদ্ধতা এবং উচ্চ প্রাথমিক ব্যয় ইসলামী ফাইন্যান্সে এআই ব্যবহারের বড় বাধা হিসেবে বিবেচিত। এ ছাড়া প্রযুক্তিগত ব্যর্থতা বা সার্ভার ডাউন হলে গুরুত্বপূর্ণ লেনদেন ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় শরিয়াহবান্ধব এআই মডেল উন্নয়ন, উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, মানবিক সুপারভিশন ও প্রশিক্ষণ, ডেটার মান উন্নয়ন এবং সুস্পষ্ট নিয়ন্ত্রক নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। শরিয়াহ বোর্ড ও প্রযুক্তিবিদদের যৌথ প্রচেষ্টায় এআই প্রযুক্তিকে আরো নিরাপদ, নির্ভুল ও শরিয়াসম্মত করে তোলা সম্ভব।
বিশ্বব্যাপী ব্যাংকিং এবং ফাইন্যান্স খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উন্নত দেশগুলোতে এআইয়ের সাফল্য ইতোমধ্যে দৃশ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্রে বড় বড় ব্যাংক যেমন JPMorgan Chase, Citigroup এবং Bank of America এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন, স্বয়ংক্রিয় লেনদেন এবং গ্রাহক সেবা উন্নয়ন করছে। JPMorgan Chase এর এআই সিস্টেম প্রতি বছর হাজার হাজার ক্রেডিট ও বিনিয়োগ সিদ্ধান্তের বিশ্লেষণ করে এবং Citigroup-এর প্রায় ৭০ শতাংশ কর্মী এআই সাপোর্টেড টুল ব্যবহার করছে। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক এআই-ভিত্তিক চ্যাটবট ব্যবহার করে দিনে ৫০ হাজার+ গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেয়, যা গ্রাহক সন্তুষ্টি ও কার্যকারিতা বৃদ্ধি করেছে।
মধ্যপ্রাচ্যের ইসলামী ব্যাংকগুলোও এআই ব্যবহার করছে। কাতার ইসলামী ব্যাংক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করেছে, যা আরবি এবং ইংরেজি ভাষায় গ্রাহক সমর্থন দেয়। বাহরাইন ইসলামী ব্যাংক এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ যথাযথ হচ্ছে। এ ছাড়াও এইচএসবিসি, ইউনি ক্রেডিট এবং আলফা ব্যাংকের মতো আন্তর্জাতিক ব্যাংক এআই ব্যবহার করে ঝুঁকি নিরূপণ, বিনিয়োগ পূর্বাভাস এবং গ্রাহকসেবা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বাংলাদেশে এআই ব্যবহার এখনো প্রাথমিক পর্যায়ে, তবে দ্রুত বাড়ছে। তবে আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশ এআই প্রস্তুতির ক্ষেত্রে পিছিয়ে আছে; আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফে একটি সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৪টি দেশের মধ্যে ১১৫তম ছিল। যদিও ফিনটেক সেবা যেমন— বিকাশ এবং নগদ এআইভিত্তিক ফ্রড শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ এবং কাস্টমাইজড প্রোডাক্ট প্রস্তাবে ব্যবহার করছে; কিন্তু ব্যাংকিং খাতে এটির সম্প্রসারণ সীমিত। কিছু ইসলামী ব্যাংক স্বয়ংক্রিয় ক্রেডিট অনুমোদন, ঝুঁকি মূল্যায়ন এবং গ্রাহকসেবা এআই ব্যবহার শুরু করেছে। তবে দক্ষ মানবিক রিসোর্স, শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো এবং সুনির্দিষ্ট নীতি-নিয়ন্ত্রণ না থাকায় এই ব্যবহার এখনো ব্যাপক নয়।
ভবিষ্যতের দিকে তাকালে, বাংলাদেশে এআইয়ের ব্যবহার বৃদ্ধির সুযোগ অনেক। ফাইন্যান্স খাতে শেষ-মাইল এআই সমাধান যেমন স্বয়ংক্রিয় ঋণ অনুমোদন, ঝুঁকি বিশ্লেষণ, জাকাত হিসাব, স্মার্ট কন্ট্র্যাক্ট এবং গ্রাহকসেবা আরো দ্রুত ও নির্ভুল করতে সক্ষম। শিক্ষাক্ষেত্রে ডেটা সায়েন্স ও এআই প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করলে দক্ষ প্রযুক্তিবিদ তৈরি হবে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যদি এআই সম্পর্কিত নীতি প্রণয়ন করে নিরাপত্তা, শরিয়াহ কমপ্লায়েন্স এবং ন্যায্যতা নিশ্চিত করে, তবে বাংলাদেশ দ্রুত বিশ্বমানের ডিজিটাল ব্যাংকিং খাতে প্রবেশ করতে পারবে।
বিশ্বব্যাপী উন্নত দেশগুলো ইতোমধ্যে এআই ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমকে আরো কার্যকর করেছে। বাংলাদেশও যথাযথ পরিকল্পনা, প্রযুক্তি বিনিয়োগ এবং নীতি প্রয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতকে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর এবং শরিয়াহবান্ধব হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। এটি শুধু ব্যাংকের জন্য নয়, গ্রাহক ও বিনিয়োগকারীর জন্যও সুবিধা নিয়ে আসবে এবং দেশের ডিজিটাল অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে, এআইয়ের ব্যবহার বৃদ্ধি পেলে ইসলামী ফাইন্যান্সের খাত আরো উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের হবে। এটি শুধু ব্যাংকগুলোর জন্য নয়, গ্রাহক ও বিনিয়োগকারীর জন্যও সুবিধা নিয়ে আসবে।
লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট



