হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আরাফাত হোসেন। একইসাথে সাধারণ সম্পাদক পদেও টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন নাইমুল হাসান।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর উত্তরায় হোটেল মেমেন্টো ইন্ট রেসিডেন্সে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিগত মেয়াদে হাউসবোট পর্যটন শিল্পকে আধুনিকায়ন এবং মালিকদের স্বার্থ রক্ষায় এই দুই নেতার বলিষ্ঠ ভূমিকা সংগঠনের ভেতরে ও বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে। পুনর্নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের হাউসবোট শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো: মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে তারিকুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ বণিক, কোষাধ্যক্ষ পদে আশফাক জামান, দফতর সম্পাদক পদে হুযাইফা, প্রচার সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।
নবনির্বাচিত কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে। তাদের অগ্রাধিকারমূলক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব হাউসবোট পরিচালনা, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং এ খাতের জন্য সুশৃঙ্খল নীতিমালা প্রণয়ন।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে দেশের হাউসবোট শিল্প আরো এগিয়ে যাবে।



