জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে রাশিয়া-ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

‘যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে। তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়।’

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র |ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনকে আগামী জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেইসাথে আগামী সপ্তাহে ফ্লোরিডায় দুই পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের ব্যাপারেও প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সঙ্ঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে। তবে, ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভের অবস্থান এখনো পরস্পর বিরোধী।

ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রাখা রাশিয়া যেকোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগে অঞ্চলটি দখলের হুমকিও দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বক্তব্য, ভূখণ্ড ছাড় দিলে মস্কো আরো আগ্রাসী হবে। ফলে, ভবিষ্যতে মস্কোর পুনরায় আগ্রাসন ঠেকাতে ব্যর্থ এমন কোনো চুক্তিতে কিয়েভ স্বাক্ষর করবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত এক বক্তব্যে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে। তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়।’

এ বছরের জানুয়ারি থেকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বড় ধরনের বন্দী বিনিময় হলেও ভূখণ্ড প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। মস্কো ও কিয়েভ উভয় পক্ষই জানিয়েছে, আলোচনা কঠিন ছিল।

জেলেনস্কি একাধিকবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অসামঞ্জস্যপূর্ণভাবে ছাড় দিতে চাপ দেয়া হচ্ছে।

সূত্র : বাসস