ইরানের পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়া ও ইরানের পতাকা
অস্ট্রেলিয়া ও ইরানের পতাকা |সংগৃহীত

অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের কারণে তারা স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর, নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি বাড়িয়েছে।’

তবে বিশেষ ক্ষেত্রে, যেমন অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য পৃথকভাবে ছাড় দেয়া হতে পারে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতির আগে যে সব ভিজিটর ভিসা দেয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলো এখন আবেদন করা হলে হয়তো অনুমোদিত হতো না।’

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত সরকারিভাবে নেয়া উচিত, এটি যেন কোনো ব্যক্তির ছুটি কাটাতে আসার ফল হিসেবে না ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৮৫ হাজারের বেশি জন্মসূত্রে ইরানী বাসিন্দা রয়েছে, যাদের বড় অংশ সিডনি ও মেলবোর্নে বসবাস করেন।

এদিকে, চলতি মাসে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাতজন খেলোয়াড় ও কর্মকর্তাকে আশ্রয় দেয়ায় তেহরানের অসন্তোষের মুখে পড়ে। ওই খেলোয়াড়রা এশিয়ান কাপ ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হন।

পরবর্তীতে সাতজনের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন, যা তাদের পরিবারের ওপর চাপ বা হুমকির আশঙ্কা সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাসস