লেবাননের বৈরুত বিমানবন্দর মহাসড়কে যানবাহনকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার (৪ মার্চ) রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নতুন করে হিজবুল্লাহর হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো ইসরাইল বোমাবর্ষণের পর এই হামলার ঘটনা ঘটে।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুত এলাকায় দু’জন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইল বৈরুতের একটি উপশহরের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। তারা সতর্ক করে বলে, সেখানে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ সোমবার (২ মার্চ) ইসরাইলে হামলা চালায়। এর মধ্য দিয়েই লেবানন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে।
বুধবার হিজবুল্লাহ তাদের হামলা আরো জোরদার করে। অন্তত ১৫টি হামলায় তেল আবিব পর্যন্ত ইসরাইলি অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
সূত্র : বাসস



