রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বোগোদুখিভ শহরে তিন শিশুসহ বাবা নিহত ও গর্ভবতী মা আহত হয়েছেন; চলমান যুদ্ধে এখনো শান্তিচুক্তি হয়নি এবং জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ১৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ |সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের বোগোদুখিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন শিশু ও তাদের বাবা নিহত এবং তাদের মা আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় বুধবার জানিয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহরে রাশিয়া একটি বাড়িতে হামলা চালায়।

এই হামলায় দুজন ছেলে শিশু এবং একটি মেয়ে শিশু নিহত হয়েছে।

রাশিয়ার এই হামলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি, যাকে প্রসিকিউটররা শিশুদের বাবা হিসেবে চিহ্নিত করেছেন তিনিও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে প্রসিকিউটররা টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাশিয়ার হামলার ফলে ওই বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে বসবাসরত ওই পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়।

প্রসিকিউটররা আরো জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় বিস্ফোরণে আট মাসের গর্ভবতী এক নারী আহত হয়েছে।

এই নারীকে প্রসিকিউটররা নিহত শিশুদের মা হিসেবে শনাক্ত করেছেন।

বোগোদুখিভ খারকিভ অঞ্চলে অবস্থিত। এখানে রাশিয়ান বাহিনী সম্প্রতি পরিবহন ও জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে।

ইউক্রেনীয় ও রাশিয়ান কর্মকর্তারা মস্কোর চার বছরের আগ্রাসনের অবসান ঘটানোর লক্ষ্যে আবুধাবিতে মার্কিন-মধ্যস্থতায় বৈঠক করেছেন।

গত সপ্তাহে উভয়পক্ষ বন্দী বিনিময় করেছে।

তবে প্রায় চার বছরের যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তি এখনো শেষ হয়নি বলে মনে হচ্ছে।

ইউক্রেনে জাতিসঙ্ঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে, প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।

এইচআরএমএমইউ জানিয়েছে, ২০২৫ সালটি ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছর ২ হাজার ৫০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সূত্র : বাসস