ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন আজ মঙ্গলবার মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকীতে কিয়েভে পৌঁছেছেন।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউরোপ অর্থনৈতিক ও সামরিকভাবে অবিচলভাবে ইউক্রেনের পাশে থাকবে এবং তীব্র শীতকালে দেশটিকে সমর্থন করবে।
রাশিয়ার আগ্রাসনের পর থেকে এটি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভন ডার লিয়েনের দশম সফর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, তিনি এখানে এসেছেন ‘ইউক্রেনের ন্যায্য লড়াইয়ের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি জোরদার করতে।’
তিনি আরো বলেন, ‘ইউক্রেনের জনগণ এবং আক্রমণকারী রাশিয়ার কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে এসেছি, আমরা শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত থামব না। শান্তি হবে ইউক্রেনের শর্তে।’
সূত্র : বাসস



