এপস্টেইন কেলেঙ্কারি : সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সাবেক মন্ত্রীকে

এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ও কর ফাঁকি–অর্থপাচার তদন্তের চাপে ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং প্যারিসের আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রধান পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং
ফ্রান্সের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং |সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে চাপ বাড়তে থাকায় প্যারিসের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ থেকে শনিবার পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন ফ্রান্সের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং।

৮৬ বছর বয়সী জ্যাক ল্যাং ২০১৩ সাল থেকে ‘আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট’ (আইএমএ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এপস্টেইনের নথিতে নাম আসার পর ফ্রান্সে এখন পর্যন্ত সঙ্কটে পড়া সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তি তিনি।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো-এর কাছে লেখা এক চিঠিতে ল্যাং পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি চিঠিটি গ্রহণ করেছেন এবং আইএমএ-এর অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন।

ওই চিঠিতে ল্যাং লিখেছেন, আগামী বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এই ঘটনার জেরে রোববার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তবে পদত্যাগের ইচ্ছে প্রকাশের পর সেই বৈঠক বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার ফরাসি প্রসিকিউটররা ল্যাং এবং তার মেয়ে ক্যারোলিনের বিরুদ্ধে ‘গুরুতর কর ফাঁকি ও অর্থ পাচার’-সংক্রান্ত একটি প্রাথমিক তদন্ত শুরু করেন। এপস্টেইনের ফাইলের তথ্যের ভিত্তিতেই এ আইনি পদক্ষেপ নেয়া হয়।

তবে পদত্যাগের কথা জানানোর আগে ল্যাং বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘ভিত্তিহীন’।

তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এই তদন্তের মাধ্যমে আমার সততা ও সম্মান নিয়ে ওঠা প্রশ্নগুলোর অবসান হবে।’ প্রকাশিত নথিতে তার নাম ৬৭০ বারের বেশি এসেছে।

জ্যাক ল্যাং তার বিরুদ্ধে আনা সব ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। ২০১৬ সালে একটি অফশোর কোম্পানির নথিতে নিজের নাম দেখে তিনি ‘বিস্মিত’ হয়েছেন বলে জানান।

তার দাবি, তিনি কেবল একজন দানবীর বা সমাজসেবক হিসেবেই এপস্টেইনের সাথে যোগাযোগ করেছিলেন।

এদিকে অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট জানায়, ল্যাং-এর মেয়ে চলচ্চিত্র প্রযোজক ক্যারোলিনের নামও এপস্টেইনের নথিতে রয়েছে। সেখানে তিনি ৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৫০ লাখ ইউরোর উত্তরাধিকারী হিসেবে তালিকাভুক্ত। ক্যারোলিন ইতোমধ্যে ফ্রান্সের স্বাধীন চলচ্চিত্র প্রযোজকদের সংগঠন ‘এসপিআই’-এর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।

আশির ও নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া মিত্তেরাাঁর আমলে জ্যাক ল্যাং ফ্রান্সের একজন দূরদর্শী সংস্কৃতি মন্ত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান। বর্তমানে জনপ্রিয় ‘ফেত দে লা মিউজিক’ বা বিশ্ব সংগীত দিবসের যাত্রা শুরু হয়েছিল তারই হাত ধরে। এছাড়া ল্যুভর মিউজিয়ামের পিরামিড এবং বাস্তিল অপেরা হাউসের মতো বড় বড় স্থাপত্য প্রকল্পও তার সময়ে বাস্তবায়ন করা হয়।

গত এক সপ্তাহ ধরে ল্যাং-এর ওপর পদত্যাগের ব্যাপক চাপ ছিল। যদিও তিনি দাবি করেছিলেন, ২০০৮ সালে এপস্টেইন সাজাপ্রাপ্ত হলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে গত বৃহস্পতিবার সমাজতান্ত্রিক দলের প্রধান অলিভিয়ার ফোর প্রতিষ্ঠানটির মর্যাদা রক্ষায় ল্যাং-কে পদত্যাগের আহ্বান জানান।

ল্যাং জানান, বিখ্যাত অভিনেতা ও পরিচালক উডি অ্যালেন তাকে এপস্টেইনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

তবে ফরাসি গণমাধ্যম লে মন্ডে এবং মিডিয়াপার্ট জানায়, মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে ল্যাং বা তার মেয়ের বিরুদ্ধে এপস্টেইনের যৌন অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ধনী ও বিখ্যাতদের প্রিয় এলাকা হিসেবে পরিচিত প্যারিসের অ্যাভিনিউ ফোচে এপস্টেইনের একটি বিশাল অ্যাপার্টমেন্ট ছিল। ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে তিনি প্রায়ই প্যারিসে যাতায়াত করতেন।

সূত্র : বাসস