জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক বৃহস্পতিবার : জেলেনস্কি

আগামীকাল তিনি মার্কিন আলোচক উইটকফ ও (জ্যারেড) কুশনারের সাথে বৈঠক করবেন। এই বৈঠক রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতির অংশ। ত্রিপক্ষীয় বৈঠকটি মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনীয় প্রধান আলোচক রুস্তেম উমেরভ আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছে কিয়েভ। মার্চের শুরুর দিকে রাশিয়াকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, আগামীকাল তিনি মার্কিন আলোচক উইটকফ ও (জ্যারেড) কুশনারের সাথে বৈঠক করবেন। এই বৈঠক রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতির অংশ। ত্রিপক্ষীয় বৈঠকটি মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবারের আলোচ্য সূচিতে যুদ্ধবন্দি বিনিময় ও ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজও রয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রধান আলোচক উমেরভের একজন উপদেষ্টা পৃথকভাবে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে সেখানেই রুশ, ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

উইটকফ চলতি সপ্তাহের শুরুর দিকে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর লক্ষ্য হলো কিভাবে আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারি, সে বিষয়ে বিভিন্ন সম্ভাব্য উপায় অনুসন্ধান করা।

সূত্র : বাসস