ভারতের আসামে বিধানসভা নির্বাচনের ঠিক দুই দিন আগে আসামের নগাঁও জেলায় ঘটে গেল নৃশংস এক গণপিটুনির ঘটনা। এতে পিটিয়ে হত্যা করা হয়েছে তিন মুসলিম যুবককে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন আরো এক ব্যক্তি।
বুধবার (৮ এপ্রিল) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ঘটেছে আসামের নগাঁও জেলার রূপহিত থানাধীন এক নম্বর কথপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা নাকি একটি বাড়িতে ডাকাতির জন্য ঢুকেছিলেন এবং ‘উত্তেজিত জনতা’ তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে।
নিহত তিনজন হলেন- সাইফুল্লাহ, আজিবুর ওরফে খৈরুল এবং এনামূল হক। তারা সকলেই মুসলিম। চতুর্থ আহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।
স্থানীয়দের একাংশের অভিযোগ, আসামে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নতুন নয়। এর আগেও চুরি বা গরু নিয়ে সন্দেহের অজুহাতে বহুবার গণপিটুনির ঘটনা ঘটেছে।
বিশেষ করে নগাঁও জেলায় এই ধরনের ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৭ সালেও এই জেলায় এমন ঘটনা ঘটেছিল এবং ২০২৩ সালে মরিগাঁও জেলায় একই ধরনের গণপিটুনির অভিযোগ ওঠে।
১৯৮৩ সালে এখানেই ঘটে যায় ভয়াবহ নেলি হত্যাকাণ্ড, যেখানে হাজার হাজার বাঙালি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছিল। এত বড় হত্যাকাণ্ডের পরও সেই ঘটনার জন্য কার্যত কাউকেই কঠোর শাস্তি পেতে হয়নি।



