ইসলামাবাদে মসজিদে বোমা হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

২০০৮ সালে রাজধানীর ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর ইসলামাবাদে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। ওই হামলায় ৬৩ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন। এ ছাড়া গত নভেম্বরেও ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়।

নয়া দিগন্ত অনলাইন
শুক্রবারের হামলায় অন্তত ৩১ জন নিহত হন
শুক্রবারের হামলায় অন্তত ৩১ জন নিহত হন |সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদের ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আত্মঘাতী বোমা হামলার ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে প্রদেশের নওশেরা জেলার হাকিমাবাদ এলাকায় অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে পুলিশের ১ জন সহকারী উপ-পরিদর্শক নিহত এবং ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলেছে, গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের মধ্যে নিষিদ্ধঘোষিত ইসলামিক স্টেটের (আইএস) সাথে যুক্ত আফগান মাস্টারমাইন্ডও রয়েছেন।

নওশেরা পুলিশের একজন কর্মকর্তা জানান, ইসলামাবাদে বোমা হামলায় সহায়তাকারীদের সন্ধানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে পুলিশের ১ জন সহকারী উপ-পরিদর্শক নিহত হন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের খাদিজা আল-কুবরা এলাকার ওই মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় অন্তত ৩১ জন নিহত এবং কমপক্ষে ১৬৯ জন আহত হন। এ ঘটনায় পাকিস্তানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও ইসলামাবাদে সচারচার হামলা হয় না, তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানজুড়েই উগ্রবাদিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব কর্মকাণ্ডে ‘বালোচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’ এবং ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়। টিটিপি আফগানিস্তানের তালেবানদের কোনো শাখা না হলেও তাদের সাথে গোষ্ঠীটির সখ্যতা রয়েছে বলে মনে করা হয়। এছাড়া ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক সহযোগীও পাকিস্তানে সক্রিয় রয়েছে। পাকিস্তানে বর্তমানে পশ্চিমা মিত্র সরকার দেশজুড়ে উগ্রবাদি হামলার এই বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে আানার চেষ্টা করছে।

২০০৮ সালে রাজধানীর ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর ইসলামাবাদে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। ওই হামলায় ৬৩ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন। এ ছাড়া গত নভেম্বরেও ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়।