ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার দুই নেতার মধ্যে এক সংক্ষিপ্ত ফোনালাপে উৎসবের মৌসুমে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।
এইসাথে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতে ভারতের পতাকাবাহী জাহাজগুলোর গতিবিধি স্বাভাবিক থাকে, সেই বিষয়ে মোদি ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেন।
নিজের এক্স হ্যান্ডেলে মাসুদের সাথে কথা বলার বিষয়টি জানান মোদি। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছি। তাকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা প্রকাশ করেছি যে, এই উৎসবের মৌসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।
তিনি আরো লেখেন, পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার নিন্দা জানানো হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকির এবং বৈশ্বিক (তেল) সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করছে।
যুদ্ধের মধ্যে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সাহায্য করেছে সে দেশের প্রশাসন। এর জন্যও তেহরানের প্রশংসা করেছেন মোদি।
উল্লেখ্য, শনিবার খবর এসেছে যুদ্ধ বিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করতে চলেছে এলপিজি বোঝাই আরো দুই ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার। রয়টার্সের একটি প্রতিবেদন এই দাবি করেছে। এর আগে হরমুজ পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছে ভারতের মোট তিনটি জাহাজ। এবার বিশ্বের ব্যস্ততম জলপথ পেরুতে চলেছে আরো দুই ভারতীয় ট্যাঙ্কার।



