ইফতারে অংশগ্রহণের অভিযোগে সাত জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে- ওই জওয়ানরা মুর্শিদাবাদের নিমতিতা বর্ডার আউট পোস্টে কর্মরত ছিলেন। উল্লেখিত অভিযোগে তাদের অন্য রাজ্যে সরিয়ে দেয়ার পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তাদের অপরাধ, বিনা অনুমতিতে ইফতার মাহফিলে অংশ নেয়া।
তবে, এ বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি পাওয়া না গেলেও সূত্র মারফত জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৮ ফেব্রুয়ারি। পরে ৯ এবং ১১ মার্চ দু’টি আদেশ নামার ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক
ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা গেছে, আউট পোস্টের পাশেই একটি চায়ের দোকানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানেই যোগ দেন এই জওয়ানেরা। সেই মাহফিলে জওয়ানদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তিনিই এই ইফতার মাহফিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও পরবর্তীকালে সেই ছবি মুছে ফেলা হয়। তারপরই জওয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয়রা জানান, শুধু ইফতার মাহফিল নয়, হোলি বিজয়াতেও এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন এই আউট পোস্টে কর্মরত জওয়ানদের কেউ কেউ।
এই রমজানে এর আগে যোগী রাজ্যে নৌকায় ইফতার করায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির বক্তব্য, তারা গঙ্গার ওপর ইফতার করে মা গঙ্গাকে কলুষিত করেছে। অথচ, গঙ্গায় বিভিন্ন কারখানা ও শহরের বর্জ্যপদার্থ ফেলা হয়। তা নিয়ে অবশ্য কেউ উচ্চবাচ্য করেন না।



