ভারতে ক্যামিকেল কারখানার আগুনে জীবন্ত দগ্ধ ৭ শ্রমিক, আটকা অন্তত ১০

এ সময় কারখানাটিতে অন্তত ২০ থেকে ২৫ জন কর্মী কাজ করছিল। তার মধ্যে কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভারতের রাজস্থানে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে অন্তত ১০ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের ভিওয়াড়ি শহরের কাছে কুশখেরা-কারোলি শিল্পতালু এলাকায় এ ঘটনা ঘটে।

বেসরকারি বার্তা সংস্থা আইএএনএস সূত্রে এনডিটিভি জানিয়েছে, সকাল সাড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় কারখানাটিতে অন্তত ২০ থেকে ২৫ জন কর্মী কাজ করছিল। তার মধ্যে কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন।

এছাড়া, হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক সুমিতা মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সাতজন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান।

সূত্রের খবর, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলত।