পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করলেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন- এমন হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুনানি ছিল সোমবার।
রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয়েছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ লাখ ট্রাইবুনালে আবেদন করেছেন। তাদের ভোটদানের সুযোগ দেয়ার জন্য আবেদন জাননো হয়েছিল। এতে সায় দেয়নি শীর্ষ আদালত।
তবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে বিবেচনার জন্য একটি ‘শক্তিশালী আপিল ব্যবস্থা’ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ‘ভোট দেয়ার অধিকার… শুধু সাংবিধানিকই নয়, বরং আবেগেরও।’
এসআইআরের ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ মানুষের নাম বাদ পড়েছে। ভোটার তালিকা থেকে বাতিল হওয়া ব্যক্তিদের অনেকে নিজেদের নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন।
সূত্র : বিবিসি



