হাসপাতালে হামলায় ৪০০ নিহতের অভিযোগ আফগানিস্তানের, পাকিস্তানের অস্বীকার

কাবুলের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় ৪০০ নিহতের অভিযোগ তুলেছে তালেবান সরকার, হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে। তবে ইসলামাবাদ বলছে, হাসপাতাল নয়- ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা হয় বলে দাবি তালেবান সরকারের
সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা হয় বলে দাবি তালেবান সরকারের |সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় শতাধিক মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।

তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়, এতে কিছু মানুষ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগী হতাহতের এ ঘটনা ঘটে।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে হাসপাতাল কর্মকর্তাদের মতে, সেখানে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিচ্ছিলেন এবং হতাহতের সংখ্যা কয়েক শ’ হতে পারে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান আমরখাইল জানান, হাসপাতালের আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই।

আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

তিনি লিখেছেন, ‘আজ রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক সরকার মাদকাসক্তদের চিকিৎসার জন্য দুই হাজার শয্যার ওমিদ হাসপাতালটিতে বোমা হামলা চালায়। এতে হাসপাতালের বেশিভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে।’

আফগানিস্তানের ন্যাশনাল রিকন্সিলিয়েশন (জাতীয় পুনর্মিলন বা জাতীয় সমঝোতা) বিষয়ক হাই কাউন্সিলের সাবেক প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ফেসবুকে দেয়া এক পোস্টে কাবুলে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি এটিকে ‘ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির সম্পূর্ণ পরিপন্থী’ উল্লেখ করে বলেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।

আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানও কাবুলে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫০ মিনিটে কাবুলজুড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দও শোনা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা বাইরে জড়ো হয়ে নিজেদের প্রিয়জনদের খোঁজ জানার চেষ্টা করছেন।

প্রতিবেশী দু’দেশের মধ্যে চলমান সংঘাত গত মাসে আবারো শুরু হয়। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয়ার অভিযোগ করলেও তালেবান সরকার তা অস্বীকার করেছে।

জাতিসঙ্ঘের আফগানিস্তান সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে দু’দেশের সীমান্তে সংঘর্ষে শুরু হয়। এতে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

গত অক্টোবরে দু’পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তারপরও কয়েক মাস ধরে এই সংঘর্ষ চলতে থাকে।

সূত্র : বিবিসি ও আল জাজিরা