যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র: ইরান

বৈঠকের ব্যর্থতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের প্রতিনিধিদল। তবে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ-এর বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের কারণেই আলোচনা ভেস্তে গেছে।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই দুই পক্ষের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফিরছে।

বৈঠকের ব্যর্থতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের প্রতিনিধিদল। তবে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ-এর বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের কারণেই আলোচনা ভেস্তে গেছে।

ইরানি প্রতিনিধি দলের একটি সূত্র ফার্স নিউজকে জানায়, “হরমুজ প্রণালি ও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তই আলোচনার ব্যর্থতার মূল কারণ। যুদ্ধে তারা যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে তা আদায় করতে চেয়েছে।”

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু ঘিরে গত দুই দশক ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে উভয় দেশের মধ্যে টানা ২১ দিন সংলাপ হলেও ২৭ ফেব্রুয়ারি তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক অভিযান চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিলের এই বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই তা সমাপ্ত হয়।

সূত্র: আল জাজিরা