সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ

ডুরান্ড লাইন নামে পরিচিত ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান সীমান্তে আফগান তালেবান যোদ্ধাদের অবস্থান
পাকিস্তান সীমান্তে আফগান তালেবান যোদ্ধাদের অবস্থান |ফাইল ছবি

আফগানিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের চালানো সামরিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

অপরদিকে, পাকিস্তানও জানিয়েছে যে, তারা আফগান হামলার পাল্টা জবাব দিয়েছে।

আফগান সামরিক বাহিনীর মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার দিন শেষে সীমান্ত বরাবর ‘বড় ধরনের’ সংঘর্ষ শুরু হয়েছে। নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জবাব দেয়া হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি সামরিক মহল কর্তৃক বারবার উস্কানি এবং লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।’

আফগানি সামরিক একটি সূত্র কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, হামলায় ১০ জন পাকিস্তান সৈন্য নিহত এবং ১৩টি সামরিক ফাঁড়ি দখল করা হয়েছে।

অপরদিকে, পাকিস্তান বলছে, তারা অন্তত ৭০ জন আফগান যোদ্ধাকে হত্যা করেছে।

তবে তাদের এ দাবিকে প্রত্যাখ্যান করে আফগানিস্তান বলছে, পাকিস্তানি হামলায় নারী-শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক্সে জানিয়েছে, পাকিস্তানি সেনারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি সেক্টরে তালেবানের গুলিবর্ষণের ‘তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে বলেছেন, কোনো পাকিস্তানি ফাঁড়ি ‘দখল বা ক্ষতিগ্রস্ত’ হয়নি এবং পাকিস্তানি বাহিনী ‘অপ্রীতিকর তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত জুড়ে ব্যাপক ক্ষতি করেছে’।

গত অক্টোবরে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানির পর থেকে ডুরান্ড লাইন নামে পরিচিত ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

সূত্র : আলজাজিরা