দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, ‘টায়ারের আল-হোশ এলাকায় বিমান হামলার ফলে ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের সাথে যুক্ত তিনজন জরুরি সেবাকর্মী রয়েছেন।’
হামলাটি শহরের দক্ষিণাঞ্চলের হোশ এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, ‘দু’টি বিমান হামলায় লেবানিজ ইতালিয়ান হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হাসপাতালটি চালু রয়েছে।’
এর আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, দক্ষিণ লেবাননের মারাকেহ শহর ও আল-হোশ এলাকায় ইসরাইলি বিমান হামলায় ২১ জন আহত হয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি সেবাকর্মী দলগুলো আহতদের সহায়তা প্রদান করছে।
গত ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে চালানো হামলার পর থেকে ইসরাইল লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৪৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো চার হাজার জন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



