ইরানের বিরুদ্ধে অভিযান ‘পরবর্তী ধাপে’ এগিয়ে যাচ্ছে : ইসরাইল

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান ‘পরবর্তী ধাপে’ এগিয়ে যাচ্ছে এবং এটি ‘শাসন ও এর সামরিক সক্ষমতা আরো ভেঙে দেবে’।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইসরাইলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান ‘পরবর্তী ধাপে’ এগিয়ে যাচ্ছে এবং এটি ‘শাসন ও এর সামরিক সক্ষমতা আরো ভেঙে দেবে’।

শুক্রবার (৬ মার্চ) ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন হামলার খবর পাওয়া মাত্র এই বিবৃতি জারি করেছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির বিবৃতিতে বলেন, ‘আমাদের সামনে আরো কিছু চমক রয়েছে, যা আমি প্রকাশ করতে চাই না।’

ইরানের গণমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মার্কিন ও ইসরাইলি হামলায় যেসব স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে তেহরানের আবাসিক এলাকাও ছিল।

ইরানের সংবাদমাধ্যম মামলেকাতে আরো জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও অনুসারে, শুক্রবার সকালে দেশটির শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা