মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো:
ইরানের নতুন হামলার ঘোষণা
ইরানের সামরিক বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। তবে সরাসরি আঘাতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানায়, লক্ষ্যবস্তুর মধ্যে ভূমধ্যসাগর উপকূলের তেল আবিব ও লোহিত সাগরের ইলাতসহ ইসরাইলের বিভিন্ন শহর রয়েছে। এছাড়া বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত।
ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় সাবেক আধাসামরিক জোট হাশেদ আল-শাবির দুই সদস্য নিহত হয়েছেন। জোটটি হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামে পরিচিত এ জোটের আরো ছয় সদস্য আহত হয়েছেন। জোটটি এখন ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ হলেও এতে ইরানপন্থি গোষ্ঠীও রয়েছে।
ইরানে জানাজা
ইসরাইলি হামলায় নিহত বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার আলিরেজা তাঙ্গসিরির জানাজায় তেহরানে হাজারো মানুষ অংশ নিয়েছেন।
ট্রাম্পের ভাষণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম প্রাইম-টাইম ভাষণ। এ সময় তার জনপ্রিয়তা কমছে এবং অর্থনৈতিক উদ্বেগ বাড়ছে।
হোয়াইট হাউস ভাষণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধবিরতি চেয়েছে এবং ‘দুই সপ্তাহ, হয়তো তিন সপ্তাহের মধ্যে’ যুদ্ধ শেষ হতে পারে।
যুদ্ধবিরতির দাবি নাকচ ইরানের
ইরান জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য তেহরান অনুরোধ করেছে এমন দাবি সঠিক নয়। রাষ্ট্রীয় টেলিভিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘ইরান যুদ্ধবিরতি চেয়েছে, ট্রাম্পের এ বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন।’
অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, কৌশলগত হরমুজ প্রণালী শত্রুদের জন্য বন্ধই থাকবে।
ট্রাম্প বলেছেন, প্রণালী পুনরায় চালু করা যুদ্ধবিরতির শর্তগুলোর একটি।
হিজবুল্লাহ কমান্ডার নিহত
দু’টি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়, লেবাননের বৈরুতে এক হামলায় হিজবুল্লাহর শীর্ষ এক কমান্ডারকে হত্যা করেছে ইসরাইল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় সাতজন নিহত হয়েছেন।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র ও হিজবুল্লাহ সূত্র জানায়, নিহত কমান্ডার ইউসুফ হাশেম ইরাকে সংগঠনের সামরিক কার্যক্রমের দায়িত্বে ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তিনি দক্ষিণ লেবানন ফ্রন্টের কমান্ডার ছিলেন।
লেবাননে মৃতের সংখ্যা
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ মার্চ ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ইসরাইলি হামলায় মোট এক হাজার ৩১৮ জন নিহত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ২৬৮।
নিহতদের মধ্যে ৯১ জন নারী, ১২৫ জন শিশু এবং ৫৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরো তিন হাজার ৯৩৫ জন।
হরমুজ নিয়ে যুক্তরাজ্যের বৈঠক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় চালুর উপায় নিয়ে বৃহস্পতিবার প্রায় ৩৫টি দেশের অংশগ্রহণে ভিডিও কনফারেন্স আয়োজন করবে যুক্তরাজ্য।
তিনি বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং জরুরি পণ্যের পরিবহন পুনরায় চালুর জন্য সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ পর্যালোচনা করা হবে।’
জাতিসঙ্ঘের সতর্কতা
জাতিসঙ্ঘ সতর্ক করেছে, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে অধিকার দমনে নেমেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর বিধিনিষেধের চেষ্টার নিন্দা জানানো হয়েছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, সরকারগুলো নিরাপত্তা জোরদার করতে গিয়ে জনসাধারণের চলাফেরা ও কর্মকাণ্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করছে, যা তাদের অধিকারে হস্তক্ষেপ।
শেয়ারবাজারে উত্থান, তেলের দাম কমেছে
যুদ্ধ দ্রুত শেষ হতে পারে- ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে শেয়ারদর বেড়েছে এবং তেলের দাম কমেছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমেছে, যদিও এর আগে তা সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত নেমেছিল।
সূত্র: বাসস



