ইসরাইলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেমানি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।
মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাতে আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, লারিজানি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে কাউন্সিল জানায়, ‘ইরানের অগ্রগতি ও ইসলামী বিপ্লবের জন্য আজীবন সংগ্রামের পর, তিনি অবশেষে চিরন্তন সত্যের ডাকে সাড়া দিলেন এবং সগর্বে কর্তব্যরত অবস্থায় শাহাদাতের পুণ্যময় মর্যাদা লাভ করলেন।’
অপরদিকে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেমানি নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাহ-ও। এক বিবৃতিতে সোলেমানিকে একজন ‘গৌরবময় সেনাপতি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি (সোলেমানি) তার সহকারী এবং আরো কয়েকজন সৈন্যের সাথে মানবতার সবচেয়ে জঘন্য শত্রুদের বিরুদ্ধে সংগ্রামে শাহাদাত বরণ করেছেন।’
এছাড়া পৃথক বিবৃতিতে বাসিজের মিডিয়া শাখা সোলেমানির মৃত্যুকে একজন অনুপ্রেরণাদায়ী স্তম্ভ ও মাঠ পর্যায়ের নেতার মৃত্যু হিসেবে বর্ণনা করেছে। বলেছে, তিনি বছরের পর বছর ধরে কৌশলগত দূরদৃষ্টি, জিহাদি চেতনা এবং জনগণের ভূমিকার প্রতি গভীর বিশ্বাস নিয়ে বাসিজের বিভিন্ন অংশের চলাচলের পথ পরিচালনা করেছেন।
এর আগে ইসরাইল সেনাবাহিনী দাবি করেছিল যে, তারা রাতভর আক্রমণ চালিয়ে আলি লারিজানি ও গোলামরেজা সোলেমানিকে হত্যা করেছে।
সূত্র : আলজাজিরা



